
সৌদিয়া এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে মানবিকতার এক বিরল দৃষ্টান্ত ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। পারকিনসন রোগে আক্রান্ত এক বৃদ্ধ ওমরাহযাত্রী নিজে খাবার খেতে পারছিলেন না, তখন ফ্লাইট অ্যাটেনডেন্ট নিজের হাতে তাকে খাইয়ে দেন। এই সহানুভূতিপূর্ণ আচরণ এখন বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে।
সৌদিয়া এভিয়েশনের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে একটি ৩৯ সেকেন্ডের ভিডিও প্রকাশিত হয়। ভিডিওতে দেখা যায়, যাত্রাপথে কাঁপুনি ও দুর্বলতায় ভুগতে থাকা ওই বৃদ্ধ যাত্রী খাবার তুলতে হিমশিম খাচ্ছেন। পাশে থাকা ক্রু সদস্য অত্যন্ত ধৈর্য ও মমতার সঙ্গে এক চামচ করে তাকে খাইয়ে দিচ্ছেন।
বিশেষজ্ঞদের ধারণা, ওই যাত্রী পারকিনসন রোগে আক্রান্ত ছিলেন—এটি এক ধরনের স্নায়বিক ব্যাধি, যা শরীরের নড়াচড়া ও নিয়ন্ত্রণক্ষমতা কমিয়ে দেয়।
ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ক্রু সদস্যের প্রশংসায় কমেন্টবক্স ভরে যায়। কেউ লিখেছেন, এটাই সত্যিকারের মানবতা, আবার কেউ বলেছেন, সৌদিয়া এয়ারলাইন্সের ওই কর্মী প্রশংসার যোগ্য।
ওমরাহযাত্রীদের বহনকারী আন্তর্জাতিক ওই ফ্লাইটে অনেক বয়স্ক মুসল্লি ছিলেন, যাদের সহায়তায় ক্রুদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয়। তবে ওই ফ্লাইট অ্যাটেনডেন্টের সহানুভূতিপূর্ণ আচরণ শুধু দায়িত্বের সীমা ছাড়িয়ে এক অনন্য মানবিক উদাহরণ হিসেবে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে।
আরটিভি/এআর




