
ভারতের দক্ষিণাঞ্চলে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত এবং প্রায় দুই ডজন যাত্রী আহত হয়েছেন।
সোমবার (৩ নভেম্বর) ভোরে তেলেঙ্গানার হায়দরাবাদগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পাথরবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
জেলা কর্মকর্তা কে চন্দ্রকলা জানান, চেভাল্লার কাছে উল্টো দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় বাসটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই রাজ্য-পরিচালিত বাসটিতে প্রায় ৭০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর অনেক যাত্রী বাসের মধ্যে আটকে পড়েন।
চেভাল্লা হাসপাতালের সুপারিনটেনডেন্ট রাজেন্দ্র প্রসাদ নিশ্চিত করেছেন যে, ২০ জনের মরদেহ মর্গে স্থানান্তরিত করা হয়েছে। নিহতদের মধ্যে মহিলা, শিশু এবং বাসের চালকও রয়েছেন। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালগুলিতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সিনিয়র পুলিশ কর্মকর্তা কুন্দন কানওয়ারিয়া বলেন, বাসের চালক অন্য একটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করার সময় সড়কে অরক্ষিতভাবে দাঁড়িয়ে থাকা ট্রাকটির সঙ্গে ধাক্কা লাগে। সম্প্রতি ভারতে মহাসড়কগুলিতে এভাবে অরক্ষিত অবস্থায় গাড়ি পার্কিং করে রাখা খুবই সাধারণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে, যা বহু মারাত্মক দুর্ঘটনার কারণ।
উল্লেখ্য, এই দুর্ঘটনার আগের দিন রবিবার রাজস্থানেও একই ধরনের ঘটনা ঘটেছিল। সেখানে একটি মিনিবাস দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দিলে ১৫ জনের মৃত্যু হয়, যার মধ্যে ১০ জন মহিলা ও ৪টি শিশু ছিল। পরপর এই দুটি ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্য কর্মকর্তারা শোক প্রকাশ করেছেন এবং সড়ক নিরাপত্তার দুর্বলতা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
আরটিভি/এআর




