
স্বামীর মৃত্যু হয়েছে, এই বলে ভুয়া মৃত্যু সনদ দেখিয়ে ২৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন স্ত্রী। পরে ঘটনাটি জানাজানি হলে ওই দম্পতিকে গ্রেপ্তার করে পুলিশ।
ভারতের লখনৌ পুলিশ এই প্রতারণার বিষয়টি প্রকাশ্যে আনে। সন্দীপ ওয়াদকুর নামে এক ব্যক্তি ওই দম্পতির নামে থানায় অভিযোগ করেন।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, রবি শঙ্কর নামে এক ব্যক্তি ২০১২ সালের ডিসেম্বরে ২৫ লাখ টাকার বীমা করেছিলেন। ২০২৩ সালের ২১ এপ্রিল রবির স্ত্রী কেশরী কুমারী ওই বীমা কম্পানির কাছে দাবি করেন, ৯ এপ্রিল তার স্বামীর মৃত্যু হয়েছে। তাই স্বামীর করা বীমার ২৫ লাখ টাকা চান। প্রয়োজনীয় নথি হিসাবে রবির মৃত্যুর নিবন্ধনপত্রও জমা দেন কেশরী।
তথ্য যাচাইয়ের পর তার দাবি গৃহীত হয়। টাকাও চলে যায় আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে। তবে পরে অভ্যন্তরীণ তদন্তে জানা যায়, কেশরীর দাবি পুরোটাই অসত্য। তার স্বামী বেঁচে আছেন।
তার পরেই থানায় প্রতারণার অভিযোগ দায়ের হয়। পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর শঙ্কর এবং কেশরী দুজনকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাদের থানায় নিয়ে যাওয়া হয়। জেরার মুখে প্রতারণার কথা স্বীকার করেন ওই দম্পতি।
আরটিভি/একে




