ইউরোপে পাড়ি জমানোর চেষ্টার সময় উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার উপকূলে একটি রাবারের নৌকা ডুবে অন্তত ৪২ জন অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন। জাতিসংঘ জানিয়েছে, এই নৌকার সব আরোহীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
বুধবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এক বিবৃতিতে জানিয়েছে, ডুবে যাওয়া ওই নৌকার মাত্র সাতজন অভিবাসনপ্রত্যাশীকে জীবিত উদ্ধার করা হয়েছে, যারা সমুদ্রে ছয় দিন ভেসে ছিলেন।
আইওএম বলেছে, নিখোঁজ ৪২ আরোহীর মধ্যে ২৯ জন সুদান, আটজন সোমালিয়া, তিনজন ক্যামেরুন এবং দু'জন নাইজেরিয়ার নাগরিক। উদ্ধারকৃত সাতজনের মধ্যে চারজন সুদানের, দুজন নাইজেরিয়ার এবং একজন ক্যামেরুনের নাগরিক।
লিবীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ৪৯ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে নৌকাটি লিবিয়া উপকূলের আল-বুরি তেলক্ষেত্রের কাছে ডুবে যায়।
উন্নত জীবনের আশায় বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীরা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টায় লিবিয়াকে তাদের প্রস্থান পয়েন্ট হিসেবে বেছে নেন। এই পথে প্রাণহানির ঘটনা অনেকটা সাধারণ হয়ে উঠেছে।
উল্লেখ্য, ২০১১ সালে লিবিয়ার দীর্ঘদিনের শাসক মুয়াম্মার আল গাদ্দাফির পতনের পর দেশটিতে বিশৃঙ্খলা শুরু হয়। এরপর থেকে লিবিয়া ইউরোপে যাওয়ার চেষ্টা করা অভিবাসীদের জন্য একটি প্রধান ট্রানজিট রুট হয়ে উঠেছে। তবে লিবিয়ায় অভিবাসীরা নির্যাতন, যৌন নির্যাতন এবং মানবপাচারের ঝুঁকিতে রয়েছেন বলে জাতিসংঘ সতর্ক করে আসছে।
আরটিভি/এআর




