
ইরানের উত্তরাঞ্চলীয় সেমনান প্রদেশে দুই নারীকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তির প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দেশটির বিচার বিভাগের সরকারি সংবাদমাধ্যম মিজান অনলাইন এই খবর নিশ্চিত করেছে। সুপ্রিম কোর্ট রায় বহাল রাখায় বাসতাম শহরে এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। খবর এএফপির।
প্রাদেশিক বিচার বিভাগের প্রধান মোহাম্মদ আকবরির বরাত দিয়ে মিজান জানিয়েছে, রায়টি সুপ্রিম কোর্টের সুনির্দিষ্ট পর্যালোচনার পর নিশ্চিত এবং কার্যকর করা হয়েছে।
প্রাদেশিক কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ব্যক্তি দুই নারীর সঙ্গে প্রতারণা করেছে এবং জোর করে ধর্ষণ করেছে। তারা আরও জানায়, ওই ব্যক্তি ভয়ভীতি প্রদর্শন এবং হুমকি দিয়ে ভুক্তভোগীদের সম্মান নষ্ট করার ভয় দেখাত। সাধারণত ইরান কারাগারের ভেতরে মৃত্যুদণ্ড কার্যকর করে থাকে। তবে হত্যার দায়ে দোষী সাব্যস্ত আরও এক ব্যক্তির প্রকাশ্যে ফাঁসি দেওয়ার দুই সপ্তাহ পরে ধর্ষণের অভিযোগে এই শাস্তি দেওয়া হলো।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে, ইসলামিক প্রজাতন্ত্র ইরান বেশিরভাগ দোষীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করে থাকে।
মানবাধিকার সংস্থাগুলোর পরিসংখ্যান অনুযায়ী, চীন-এর পরে বিশ্বে দ্বিতীয় সর্বাধিক মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশ হলো ইরান।
দোষীর পরিচয় এবং তার সাজা ঘোষণার তারিখ তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
আরটিভি/এআর




