
পোষ্য কুকুরকে সন্তানের মতো ভালোবাসতেন ক্যালিফোর্নিয়ার তরুণী প্যাট্রিশিয়া। কিন্তু সেই ভালোবাসার সঙ্গী চকো হঠাৎই নিখোঁজ হয়ে যায় ২০২১ সালের মে মাসে। মাইক্রোচিপ লাগানো থাকা সত্ত্বেও দীর্ঘ চার বছরেরও বেশি সময় মোট ১,৬৪৫ দিন চকোর কোনো খোঁজ মিলছিল না। ফলে প্রায় আশা ছাড়তেই বসেছিলেন প্যাট্রিশিয়া।
কিন্তু চলতি বছরের নভেম্বরেই আসে সুখবর। সুদূর মিশিগান থেকে ফোন পেয়ে জানতে পারেন, চকোকে পাওয়া গেছে আর তখন তার বাড়ি থেকে দূরত্ব ৩,৬৮৪ কিলোমিটার! কীভাবে এত দূরে চলে গেল চকো, তা এখনও রহস্যই রয়ে গেছে।
পোষ্যের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য সমাজমাধ্যমে সাহায্য চান প্যাট্রিশিয়া। তার আবেদন নজরে আসে ক্যালিফোর্নিয়ার একটি কুকুর উদ্ধারকারী বেসরকারি সংস্থার। সংস্থাটি চকোকে বিমানে তুলে ক্যালিফোর্নিয়ায় ফিরিয়ে আনার পুরো ব্যবস্থা করে।
ফিরে এসে ‘মাকে’ দেখে আর নিজেকে সামলাতে পারেনি চকো। ভিডিওতে দেখা যায়, বাদামি রঙের এই কুকুরটি প্যাট্রিশিয়ার কোলে ঝাঁপিয়ে পড়ে আনন্দে লাফালাফি করছে। দীর্ঘ বিচ্ছেদের পর সেই আবেগঘন মুহূর্তে চোখ ভিজেছে নেটিজেনদেরও।
চকো নিখোঁজ হওয়ার পর প্যাট্রিশিয়া দুই সন্তানের মা হয়েছেন। ঘরে নতুন দুই সদস্যের সঙ্গেও দ্রুত বন্ধুত্ব হয়ে গেছে চকোর। ইনস্টাগ্রামে পোস্ট হওয়া এই পুনর্মিলনের ভিডিও ইতিমধ্যেই হৃদয় ছুঁয়ে গেছে অসংখ্য মানুষের।
এক নেটিজেন লিখেছেন, ভালবাসার টান থাকলেই এমন বিস্ময়কর ঘটনা ঘটে। পোষ্যপ্রেমের এক অনন্য দৃষ্টান্ত হয়ে রইল চকোর এই অবিশ্বাস্য প্রত্যাবর্তন।
আরটিভি/এসকে




