
প্রায় এগারো মাস ধরে আত্মগোপনে থাকার পর অবশেষে প্রকাশ্যে দেখা দিলেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও ভেনেজুয়েলার বিরোধী রাজনৈতিক নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) স্থানীয় সময় ভোরে নরওয়ের অসলো শহরের একটি হোটেলের বারান্দা থেকে সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। খবর বার্তা সংস্থা এএফপির।
মাচাদোর জনসম্মুখে শেষ উপস্থিতি ছিল চলতি বছরের ৯ জানুয়ারি। ওইদিন তিনি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর তৃতীয় মেয়াদে শপথ গ্রহণের বিরুদ্ধে আয়োজিত এক বিক্ষোভে অংশ নিয়েছিলেন।
চলতি বছর অক্টোবরে নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর থেকেই মাচাদো জানিয়েছিলেন, তিনি সশরীরে অসলোতে পুরস্কার গ্রহণ করতে চান। তবে মাদুরো সরকার মাচাদোর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে এবং অ্যাটর্নি জেনারেল হুঁশিয়ারি দেন যে দেশত্যাগ করলে তাকে পলাতক গণ্য করা হবে। এই পুরস্কারের প্রতিক্রিয়ায় নরওয়েতে নিজেদের দূতাবাসও বন্ধ করে দেয় মাদুরো সরকার।
সরকারি বিধিনিষেধ ও নজরদারি সত্ত্বেও মাচাদো গোপনে ভেনেজুয়েলা ছাড়তে সক্ষম হন। যদিও বুধবার (১০ ডিসেম্বর) অসলোতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণের সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি তিনি। তার অনুপস্থিতিতেই পুরস্কার প্রদান সম্পন্ন হয়।
আরটিভি/এআর




