স্কুলে হিজাব নিষিদ্ধ করতে যাচ্ছে অস্ট্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ , ০২:১১ পিএম


স্কুলে হিজাব নিষিদ্ধ করতে যাচ্ছে অস্ট্রিয়া
প্রতীকী ছবি

মানবাধিকার সংস্থা এবং মুসলিম সম্প্রদায়ের তীব্র আপত্তি সত্ত্বেও অস্ট্রিয়ায় স্কুলছাত্রীদের জন্য হিজাব নিষিদ্ধ করে আইন পাস হয়েছে। দেশটির পার্লামেন্টে ১৪ বছরের কম বয়সী স্কুলছাত্রীদের জন্য হিজাব নিষিদ্ধ করার এই আইনটি পাশ হওয়ার পর সমাজে বিভাজন আরও বাড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১২ ডিসেম্বর) দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই আইন মুসলিম সম্প্রদায়কে আরও প্রান্তিক করবে। চলতি বছরের শুরুতে দেশের রক্ষণশীল নেতৃত্বাধীন সরকারের উদ্যোগে এই আইনটি পাস হয়।

আরও পড়ুন

বৃহস্পতিবার ভোটের আগে ক্ষমতাসীন জোটের সদস্য লিবারেল নিয়সের সংসদীয় নেতা ইয়ানিক শেটি বলেন, এই আইনটি স্বাধীনতা সীমিত করার জন্য নয়, বরং ১৪ বছর পর্যন্ত মেয়েদের স্বাধীনতা রক্ষার জন্য। তার দাবি, হিজাব শুধু পোশাক নয়—অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এটি মেয়েদের পুরুষের দৃষ্টি থেকে আড়াল করে।

বিজ্ঞাপন

দ্য গার্ডিয়ান জানিয়েছে, এই নিষেধাজ্ঞা আগামী সেপ্টেম্বরের নতুন শিক্ষাবর্ষ থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। আইন ভঙ্গ করলে পরিবারকে বারবার অপরাধের ক্ষেত্রে ৮০০ ইউরো পর্যন্ত জরিমানা করা হতে পারে।

ভোটে একমাত্র বিরোধিতা করেছে গ্রীন পার্টি। তারা আইনটিকে সরাসরি সংবিধানবিরোধী আখ্যা দিয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন সংস্থা বলছে, এই আইন মেয়েদের ক্ষমতায়ন করবে না, বরং অস্ট্রিয়ায় মুসলিমদের বিরুদ্ধে বিদ্যমান বর্ণবাদী পরিবেশকে আরও তীব্র করবে।

বিজ্ঞাপন

মহিলা অধিকার সংগঠন আমাজোনের অ্যাঞ্জেলিকা অ্যাটজিঙ্গার বলেন, এই আইন মেয়েদের কাছে ভুল বার্তা পাঠাচ্ছে—তাদের শরীর নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদের নয়।

এটি পিপলস পার্টির নেতৃত্বাধীন সরকারের দ্বিতীয় হিজাব–নিষিদ্ধ উদ্যোগ। এর আগে ২০১৯ সালে ১০ বছরের নিচের মেয়েদের জন্য হিজাব নিষিদ্ধ করা হয়েছিল, যা সাংবিধানিক আদালত বৈষম্যমূলক আখ্যা দিয়ে বাতিল করে দেয়। এবার সরকার পূর্বের ভুল এড়িয়ে চলার চেষ্টা করলেও, শেটি নিজেও স্বীকার করেছেন যে আইনটি আদালতে টিকবে কিনা তা নিশ্চিত নয়।

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission