
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড আকাশে ১৫ হাজার ফুট উচ্চতায় এক চরম শ্বাসরুদ্ধকর স্কাইডাইভিং ঘটনা ঘটে, যা এখন ভিডিওর মাধ্যমে ভাইরাল হয়েছে। স্কাইডাইভার ‘পি১’ যখন উড়োজাহাজ থেকে লাফানোর প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তার প্যারাস্যুটের একটি অংশ উড়োজাহাজের ডানার সঙ্গে আটকে যায়।
এই কারণে প্যারাস্যুটটি আংশিকভাবে খুলে যায় এবং ‘পি১’ এর শরীরকে উড়োজাহাজের লেজের দিকে টেনে নিয়ে যায়। সংকটের কারণে আরেকজন প্যারাস্যুটার বাধ্য হয়ে দ্রুত লাফিয়ে পড়েন এবং নিরাপদে অবতরণ করেন। পাইলট আতঙ্কিত হয়ে নিয়ন্ত্রণকক্ষকে জানিয়ে দেন যে উড়োজাহাজের লেজ ভেঙে যেতে পারে, এবং ক্রু সদস্যদের প্যারাস্যুট নিয়ে বেরিয়ে আসতে হবে।
উড়োজাহাজে মোট ১৭ জন প্যারাস্যুটার ছিলেন, যাদের মধ্যে ১৩ জন লাফিয়ে পড়েন, আর বাকি তিনজন ও ‘পি১’ উড়োজাহাজের ভিতরে থাকেন। ‘পি১’ তার সঙ্গে থাকা বিশেষ ‘হুক নাইফ’ যন্ত্র ব্যবহার করে আটকে থাকা দড়িগুলো কেটে মাত্র এক মিনিটের কম সময়ে নিজেকে মুক্ত করেন। এরপর তিনি নিরাপদে অবতরণ করেন, যদিও সামান্য আঘাত পান।
পাইলট অবশেষে উড়োজাহাজটি নিরাপদে কুইন্সল্যান্ডের টালি বিমানবন্দরে অবতরণ করান। এই প্রাণঘাতী পরিস্থিতি থেকে সবাই নিরাপদে বাঁচতে পেরেছেন।
অস্ট্রেলিয়ার পরিবহন নিরাপত্তা ব্যুরো (এটিএসবি) এই ভিডিও ও প্রতিবেদন প্রকাশ করেছে, যা স্মরণ করিয়ে দেয় যে স্কাইডাইভিং একটি রোমাঞ্চকর খেলা হলেও এতে ঝুঁকি এবং সতর্কতার কোন বিকল্প নেই।
আরটিভি/এসকে




