
ভারতের মুম্বাইয়ের আদর্শ বিদ্যালয় স্কুলে দায়িত্ব পালনরত এক নিরাপত্তারক্ষীর ওপর পথকুকুরের হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ঘটনাটি স্কুলের প্রধান গেটের সামনে ঘটলেও সৌভাগ্যক্রমে বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্কুলের গেটে দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীর পাশে একটি কুকুর বসে ছিল। ঠিক সেই সময়ই রাস্তা থেকে আরেকটি পথকুকুর দৌড়ে এসে গেটের সামনে দাঁড়ায়। নিরাপত্তারক্ষী গেট থেকে কিছুটা দূরে গিয়ে আবার ফিরে এলে হঠাৎই ওই কুকুরটি লাফিয়ে উঠে তার ঘাড়ে ও কাঁধে কামড় বসিয়ে দেয়।
হামলার শিকার ব্যক্তিকে উদ্ধার করতে আরেকজন নিরাপত্তাকর্মী দ্রুত এগিয়ে আসেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, কুকুরটি ব্যক্তির কাঁধে ঝুলে থাকার পর তিনি কোনোভাবে ছাড়িয়ে নিয়ে দূরে সরলে কুকুরটি সামনের দিকে দৌড়ে যায়। পরে আরেক নিরাপত্তারক্ষী লাঠি নিয়ে কুকুরটিকে তাড়ানোর চেষ্টা করলে কুকুরটি তার দিকেও তেড়ে আসে। তবে লাঠির আঘাতে শেষ পর্যন্ত কুকুরটি পালিয়ে যায়।
এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায়। বিষয়টি ঘিরে মুম্বাইয়ে পথকুকুর নিয়ন্ত্রণ, নিরাপত্তা ব্যবস্থা এবং জনস্বাস্থ্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
স্থানীয় প্রশাসন ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। তবে ভিডিও প্রকাশের পর সামাজিকমাধ্যমে পথকুকুরের প্রতি সহমর্মিতা, আবার অন্যদিকে নিয়ন্ত্রণহীন কুকুরের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি দুটি পক্ষের মধ্যে তীব্র বিতর্ক দেখা দিয়েছে।
আরটিভি/এসকে




