অতিরিক্ত ব্যবহার নিয়ন্ত্রণ ও চোরাচালান দমনে অধিকাংশ ব্যবহারকারীর জন্য ভর্তুকিপ্রাপ্ত পেট্রলের দাম বাড়িয়েছে ইরান। ওপেকভুক্ত এই দেশটি জনরোষ উসকে না দিয়ে ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
শনিবার (১৩ ডিসেম্বর) থেকে দেশটিতে নতুন দামে পেট্রল বিক্রি শুরু হয়।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে দীর্ঘদিনের জ্বালানি ভর্তুকি ব্যবস্থায় বড় পরিবর্তন এনেছে দেশটির সরকার। শনিবার থেকে দেশটিতে নতুন দামে পেট্রোল বিক্রি শুরু হয়েছে, যা ২০১৯ সালের বিতর্কিত মূল্যবৃদ্ধির পর সবচেয়ে উল্লেখযোগ্য পদক্ষেপ। সে সময়ে হঠাৎ দাম বাড়ানোর জেরে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নে প্রাণ হারান অন্তত তিন শতাধিক মানুষ।
সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, শনিবার থেকে অ্যাম্বুলেন্স ছাড়া অধিকাংশ যানবাহনকে প্রতি লিটার ৫০ হাজার রিয়াল দরে (মুক্তবাজার হারে প্রায় ৪ মার্কিন সেন্ট) পেট্রল কিনতে হবে।
রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, নতুন এই উচ্চমূল্য মাসে ১৬০ লিটারের বেশি জ্বালানি প্রয়োজন হয়—এমন ব্যবহারকারীদের লক্ষ্য করে নির্ধারণ করা হয়েছে।
অন্য চালকেরা এখনও প্রতি লিটার ১৫ হাজার রিয়াল দরে সর্বোচ্চ ৬০ লিটার এবং অতিরিক্ত প্রতি লিটার ৩০ হাজার রিয়াল দরে আরও ১০০ লিটার পেট্রল কিনতে পারবেন।
মোহাজেরানি বলেন, এই মূল্যবৃদ্ধির লক্ষ্য হলো জ্বালানির অপ্রয়োজনীয় বা অতিরিক্ত ব্যবহার নিয়ন্ত্রণ করা এবং চোরাচালান মোকাবিলা করা। ট্যাক্সির জন্য নির্ধারিত কোটা অপরিবর্তিত থাকবে।
ইরানে সস্তা পেট্রল বহু প্রজন্ম ধরে এক ধরনের ‘জন্মগত অধিকার’ হিসেবে বিবেচিত। তবে বর্তমানে ইরানের শাসকগোষ্ঠী প্রবল অর্থনৈতিক চাপে আছে। দ্রুত অবমূল্যায়ন হওয়া মুদ্রা এবং পারমাণবিক কর্মসূচি ঘিরে আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সরকারের জন্য ভর্তুকি ধরে রাখা কঠিন করে তুলেছে। কয়েক পয়সা দরে বিশ্বের অন্যতম সস্তা পেট্রল সরবরাহ করতে গিয়ে প্রতিবছর গুনতে হচ্ছে বিপুল অঙ্কের অর্থ।
নতুন ব্যবস্থায় তিন স্তরের দাম নির্ধারণ করা হয়েছে। মাসে প্রথম ৬০ লিটার পেট্রল মিলবে আগের মতোই ভর্তুকি মূল্যে- লিটারপ্রতি ১৫ হাজার রিয়াল। পরবর্তী ১০০ লিটারের দাম থাকছে ৩০ হাজার রিয়াল। এর বেশি কিনতে হলে নতুন নির্ধারিত দরে লিটারপ্রতি ৫০ হাজার রিয়াল গুনতে হবে।
এ ঘোষণার পর কিছু স্থানে সতর্ক অবস্থানে ছিল পুলিশ। তবুও সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন।
আরটিভি/এমএ




