
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে ৪ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) রাত ১টা ১১ মিনিটে এই ভূকম্পন সাধারণ মানুষের মনে আতঙ্ক তৈরি করলেও এর প্রকৃত কারণ ব্যাখ্যা করেছে দেশটির ভূতত্ত্ব জরিপ সংস্থা।
সংস্থাটির মুখপাত্র তারেক আবু আল খলিল জানিয়েছেন, ভূপৃষ্ঠ থেকে মাত্র ৮ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎপত্তি ছিল। মূলত ইরানের জাগরোস পর্বতমালায় টেকনোটিক প্লেটের প্রচণ্ড চাপের কারণেই এই কম্পন সৃষ্টি হয়েছে। এই চাপের প্রভাবে সৌদির পূর্বাঞ্চলীয় প্রদেশের মাটির নিচে থাকা ফল্টগুলো সক্রিয় হয়ে ওঠায় মাঝেমধ্যেই এমন মৃদু ভূমিকম্প অনুভূত হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে।
ভূমিকম্পের পাশাপাশি বর্তমানে ওই অঞ্চলে আবহাওয়া পরিস্থিতিও বেশ প্রতিকূল। বৈরী আবহাওয়ার কারণে প্রদেশটিতে আগে থেকেই রেড অ্যালার্ট জারি করা হয়েছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতির কথা মাথায় রেখে টানা তিন দিন সরাসরি শিক্ষা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। শিক্ষার্থীরা বর্তমানে ঘরে বসেই বিকল্প উপায়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছে।
প্রশাসন জানিয়েছে, প্লেটের এই নড়াচড়া ও চাপের কারণে ভবিষ্যতে আরও মৃদু কম্পনের সম্ভাবনা রয়েছে। তবে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন বিশেষজ্ঞরা।
আরটিভি/এআর




