
মুম্বাইয়ের বোম্বে হাইকোর্টসহ শহরের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি আদালতে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ই–মেইলের মাধ্যমে এই হুমকি দেওয়া হয়। খবর দ্য হিন্দুর।
হুমকি পাওয়ার পরপরই কোনো ঝুঁকি না নিয়ে বোম্বে হাইকোর্ট এবং বান্দ্রা, আন্ধেরি ও এসপ্ল্যানেড এলাকার ম্যাজিস্ট্রেট আদালতগুলো সম্পূর্ণ খালি করে দেওয়া হয়। নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে আদালতের বিচারক, আইনজীবী এবং কর্মীদের ভবন থেকে বাইরে সরিয়ে নেওয়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বোম্ব ডিসপোজাল স্কোয়াড (বোমা নিষ্ক্রিয়কারী দল) ও বিশাল নিরাপত্তা বাহিনী।
মুম্বাই পুলিশ জানিয়েছে, কয়েকটি আদালত এবং ব্যাংকেও একই ধরনের হুমকিমূলক বার্তা পাঠানো হয়েছিল। বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর এবং অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে প্রতিটি কোণ তল্লাশি করার পর কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। শেষ পর্যন্ত সব কটি স্থানকে নিরাপদ ঘোষণা করা হয়েছে।
হুমকির ঘটনার কারণে বোম্বে হাইকোর্টের স্বাভাবিক বিচারিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। প্রধান বিচারপতির নির্দেশে জারি করা এক অভ্যন্তরীণ নোটিশে জানানো হয়, তল্লাশি চলাকালে বিচারকদের বেঞ্চ ত্যাগ করে নিরাপদ স্থানে যেতে বলা হয়েছিল। যাবতীয় নিরাপত্তা ছাড়পত্র পাওয়ার পর বিকেল ৩টা থেকে পুনরায় আদালতের কার্যক্রম শুরু করার সময় নির্ধারণ করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, জনমনে আতঙ্ক সৃষ্টি করতেই কেউ এই ই–মেইল পাঠিয়েছে। তবে হুমকির উৎস কোথায় এবং এর নেপথ্যে কারা রয়েছে, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ।
আরটিভি/এআর




