
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ভারী বৃষ্টিপাতের মধ্যেই বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার চূড়ায় বজ্রপাতের একটি দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গালফ নিউজ জানায়, দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম বজ্রপাতের ভিডিওটি শেয়ার করেন, যা দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে।
ভিডিওতে দেখা যায়, সবুজাভ মেঘে ঢাকা আকাশের নিচে দাঁড়িয়ে থাকা বুর্জ খলিফার শীর্ষে হঠাৎ বজ্রপাত আঘাত হানে। এর আগে ক্রাউন প্রিন্স শেখ হামদান বাসিন্দাদের ভারী বৃষ্টির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান এবং ইনস্টাগ্রামে বৃষ্টির মেঘ ও আবহাওয়ার পূর্বাভাস শেয়ার করেন।
সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি (এনসিএম) জানিয়েছে, দেশটি ‘আল বাশায়ের’ নামের নিম্নচাপে প্রবেশ করেছে। শারজাহ ও রাস আল খাইমার বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে। আরও কিছু এলাকায় বিশেষ করে আবুধাবি ও দুবাইয়ে শক্তিশালী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এনসিএম সতর্ক করেছে, লোহিত সাগর থেকে বিস্তৃত নিম্নচাপের কারণে দেশের বিভিন্ন অংশে অস্থির আবহাওয়া বিরাজ করছে। বজ্রপাত, বজ্রধ্বনি ও শিলাবৃষ্টিসহ বিভিন্ন মাত্রার বৃষ্টিপাত হতে পারে। কর্তৃপক্ষ বাসিন্দাদের সতর্ক থাকার এবং আবহাওয়া সংক্রান্ত নির্দেশনা মেনে চলার জন্য আহ্বান জানায়।
আরটিভি/এসকে




