
নোবেল শান্তি পুরস্কার জয়ী ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো ঘোষণা দিয়েছেন, তিনি তার নোবেল পুরস্কার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভাগ করতে চান। সোমবার (৫ জানুয়ারি) ফক্স নিউজের সিন হেনিতির কাছে দেওয়া সাক্ষাৎকারে মাচাদো এই প্রস্তাব দেন।
গত বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন মাচাদো। যদিও ট্রাম্প নোবেল জয়ী হওয়ার ব্যাপক প্রচেষ্টা চালিয়েছিলেন, তবে পুরস্কারটি তাকে না দিয়ে মাচাদোর হাতে তুলে দেওয়া হয়। পুরস্কার ঘোষণা হওয়ার সময় নিজ দেশে নিরাপত্তাজনিত কারণে পালিয়ে থাকা মাচাদো, গোপনে নরওয়ের অসলো পৌঁছে এটি গ্রহণ করেন।
তবে মাচাদোর নোবেল পুরস্কার গ্রহণে ক্ষুব্ধ হয়েছেন ট্রাম্প। সূত্র মতে, ট্রাম্প নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করলেও মাচাদোকে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেননি। যদিও ২০২৪ সালের নির্বাচনে বিরোধী দল জয়ী হওয়ায় মাচাদোর নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথাও বলা হয়।
হোয়াইট হাউজের দুই কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে জানান, মাচাদো নোবেল পুরস্কার গ্রহণ করে ট্রাম্পকে দূরে সরিয়ে দিয়েছেন। তারা বলেন, যদি মাচাদো পুরস্কারটি প্রত্যাখ্যান করে ট্রাম্পকে দিতেন, তাহলে আজ তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হতে পারতেন। অপর একজন কর্মকর্তা বলেন, মাচাদোর নোবেল গ্রহণ ‘পাপ’ ছিল, যা তাকে ক্ষমতা থেকে দূরে সরিয়ে দিয়েছে।
মাচাদো বলেন, আমি এখনও ট্রাম্পকে পুরস্কারটি দিইনি, তবে আমি খুব খুশি হবো যদি ব্যক্তিগতভাবে তাকে বলতে পারি যে, আমরা ভেনেজুয়েলার নাগরিকরা বিশ্বাস করি এটি আমাদের, এবং আমরা চাই ট্রাম্পের সঙ্গে এটি ভাগ করে নিতে।
গত শনিবার মধ্যরাতে যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে অপহরণ করে। মাচাদো জানান, তারা এখন ভেনেজুয়েলার ক্ষমতা নিতে প্রস্তুত। তবে ট্রাম্প মাচাদোর এই আশা খারিজ করে বলেন, মাচাদোর ভেনেজুয়েলা শাসনের ক্ষমতা নেই কারণ মানুষ তাকে শ্রদ্ধা করে না। ট্রাম্পের এই মন্তব্যে মাচাদো গভীরভাবে হতবাক এবং কষ্ট পেয়েছেন বলে জানা গেছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
আরটিভি/এসকে


