ইন্দোনেশিয়ার পাহাড়ি অঞ্চলে নিখোঁজ হওয়া একটি সরকারি নজরদারি বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করেছে দেশটির অনুসন্ধান ও উদ্ধারকারী দল। রোববার(১৮ জানুয়ারি) সকালে দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের মাউন্ট বুলুসারাউং-এর দুর্গম ঢালে বিমানটির বিধ্বস্ত অংশগুলো শনাক্ত করা হয়। খবর আল জাজিরার। এর আগে গতকাল শনিবার ইন্দোনেশিয়ার মূল দ্বীপ জাভার যোগজাকার্তা থেকে দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের রাজধানী মাকাসারে যাওয়ার পথে ছোট আকারের বিমানটি রাডার থেকে উধাও হয়ে যায়।
মাকাসার উদ্ধার অভিযানের প্রধান মুহাম্মদ আরিফ আনোয়ার জানান, বিমান বাহিনীর একটি হেলিকপ্টার প্রথম মাউন্ট বুলুসারাউং-এর খাড়া ঢালে ধ্বংসাবশেষের সন্ধান পায়। এরপর স্থল উদ্ধারকারীরা বিমানটির প্রধান অংশ ও লেজের ধ্বংসাবশেষ সংগ্রহ করেন। বিধ্বস্ত বিমানটি ছিল একটি টার্বোপ্রপ এটিআর ৪২-৫০০ মডেলের। এতে আটজন ক্রু এবং তিনজন যাত্রী ছিলেন যারা মূলত সামুদ্রিক ও মৎস্য মন্ত্রণালয়ের একটি বিশেষ পর্যবেক্ষণ মিশনে নিয়োজিত ছিলেন।
উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া মেজর-জেনারেল বাঁগুন নাওকো জানিয়েছেন, তীব্র বাতাস এবং ঘন কুয়াশার কারণে তল্লাশি কার্যক্রম ব্যাহত হচ্ছে। দুর্গম পাহাড়ি ভূমি ও প্রতিকূল আবহাওয়ার চ্যালেঞ্জ মোকাবিলা করেই উদ্ধারকর্মীরা ধ্বংসাবশেষের দিকে এগিয়ে যাচ্ছেন। জাতীয় অনুসন্ধান সংস্থা থেকে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে খাড়া পাহাড়ি চূড়ায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় কাজ করছেন কর্মীরা। তবে এখন পর্যন্ত কোনো মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।
ইন্দোনেশিয়ায় বিমান ও হেলিকপ্টার দুর্ঘটনা সাম্প্রতিক সময়ে উদ্বেগজনক হারে বেড়েছে। গত বছরের সেপ্টেম্বরে দক্ষিণ কালিমানতান ও পাপুয়া অঞ্চলে পৃথক দুটি হেলিকপ্টার দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছিল। বারবার এমন দুর্ঘটনা দেশটির এভিয়েশন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।
আরটিভি/এআর





