ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে পবিত্র নগরী মাশহাদে দাফন করা হবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল।
৮৬ বছর বয়সে শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত খামেনি টানা ৩৬ বছর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। মাশহাদ ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর এবং এটি তার জন্মস্থান। শহরটিতে অবস্থিত শিয়া মুসলমানদের অন্যতম পবিত্র স্থান ইমাম রেজার মাজারও সেখানে। যেখানে তার পিতা ইমাম রেজার মাজারও রয়েছে।
ফার্স নিউজের খবরে বলা হয়েছে, খামেনিকে ইমাম রেজা মাজার প্রাঙ্গণেই দাফন করা হবে। তবে দাফনের নির্দিষ্ট তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, শনিবারের ওই হামলায় খামেনি ছাড়াও দেশটির শীর্ষস্থানীয় কয়েকজন সামরিক ও রাজনৈতিক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় দেশজুড়ে জাতীয় শোকের পরিবেশ বিরাজ করছে।
খামেনির মৃত্যু ও দাফন সংক্রান্ত বিস্তারিত কর্মসূচি এখনো প্রকাশ করেনি ইরানের সরকারি কর্তৃপক্ষ। তবে তার জন্মস্থান মাশহাদে দাফনের সিদ্ধান্তকে পারিবারিক ঐতিহ্য ও ধর্মীয় গুরুত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
আরটিভি/এসকে




