ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ মে ২০২৬, ০৯:৫১ এএম
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাবকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করার পর বিশ্ববাজারে আবারও তেলের দাম বেড়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সোমবার (১১ মে) এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ৩.৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৫.২০ ডলারে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম প্রায় ৪ শতাংশ বেড়ে দাঁড়ায় ৯৯.৩০ ডলারে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, পাকিস্তানের মধ্যস্থতায় তেহরান একটি প্রস্তাব দিয়েছে, যেখানে তাৎক্ষণিক যুদ্ধবিরতি এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কোনো হামলা না হওয়ার নিশ্চয়তা চাওয়া হয়েছে। তবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন ট্রাম্প।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ইরানের প্রস্তাব সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাবে হরমুজ প্রণালিতে অবাধ জাহাজ চলাচল পুনরায় চালু করা এবং ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করার শর্ত ছিল বলে জানিয়েছে অ্যাক্সিওস।

গত ফেব্রুয়ারির শেষ দিক থেকে চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালিতে কার্যত জাহাজ চলাচল বন্ধ রয়েছে। বিশ্বের মোট তেল ও গ্যাস পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়েই পরিবাহিত হয়। ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের চাপ তৈরি হয়েছে।

এদিকে, তেলের দাম বৃদ্ধির কারণে বড় জ্বালানি কোম্পানিগুলোর মুনাফাও বেড়েছে। সৌদি আরবের আরামকো জানিয়েছে, তাদের আয় গত বছরের তুলনায় ২৫ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। একইভাবে ব্রিটিশ কোম্পানি বিপি ও শেলও চলতি বছরে মুনাফা বৃদ্ধির তথ্য দিয়েছে।

বিশ্লেষকদের মতে, চলমান রাজনৈতিক উত্তেজনা ও হরমুজ প্রণালির অচলাবস্থা অব্যাহত থাকলে বিশ্ববাজারে তেলের দাম আরও অস্থির হতে পারে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বড়শি দিয়ে মাছ ধরতে পারলেই মিলবে লাখ লাখ টাকা ও স্কলারশিপ
যুক্তরাষ্ট্রে বড়শি দিয়ে মাছ ধরা এখন আর নিছক শখ বা অবসর কাটানোর মাধ্যম নয়; বরং এটি পরিণত হয়েছে প্রতিযোগিতামূলক ক্রীড়াক্ষেত্রে। হাইস্কুল পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ, লাখ লাখ টাকার পুরস্কার, কলেজ বৃত্তি এবং পেশাদার অ্যাঙ্গলার হওয়ার সুযোগ ঘিরে দেশটিতে বাড়ছে বাস মাছ ধরার জনপ্রিয়তা। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস। চলতি বছরের আগস্টে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের বুকানান শহরের প্যারিস ল্যান্ডিং স্টেট পার্কের মেরিনায় অনুষ্ঠিত হয় স্ট্রাইক কিং বাসমাস্টার হাইস্কুল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। হাইস্কুল পর্যায়ের বাস মাছ ধরার অন্যতম মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতার শেষ দিনের লড়াইয়ে অংশ নিতে সূর্য ওঠার আগেই জড়ো হন প্রতিযোগীরা। ভোরের আলো ফোটার আগেই ২৫টি নৌকা নিয়ে প্রস্তুত ছিলেন প্রতিযোগীরা। যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের পর নৌকাগুলো ছুটে যায় ১৮৪ মাইল দীর্ঘ কেনটাকি লেকে। লক্ষ্য ছিল সবচেয়ে বেশি ওজনের বাস মাছ ধরা। প্রতিযোগিতায় এগিয়ে ছিলেন আলাবামার ১৮ বছর বয়সী কাইগ ব্র্যাগ। মাছ ধরার জন্য মেরিনা থেকে প্রায় ১০ মিনিট দক্ষিণে একটি পরিচিত জায়গা বেছে নেন তিনি। প্রায় আট ঘণ্টা মাছ ধরার পর মেরিনায় ফিরে আয়োজকদের হাতে তুলে দেন জাল দিয়ে তৈরি একটি ব্যাগ। তাতে ছিল তিনটি বাস মাছ, যার মোট ওজন ১১ পাউন্ড ৩ আউন্স। এই ওজনই তাকে এনে দেয় চ্যাম্পিয়নশিপের শিরোপা। পেছনে পড়ে যায় ২১৩টি প্রতিদ্বন্দ্বী দল। বিজয়ী হিসেবে কাইগ পান ২৫ হাজার ডলারের একটি মাছ ধরার নৌকা এবং ৫ হাজার ডলারের কলেজ বৃত্তি। সব মিলিয়ে পুরস্কারের অর্থমূল্য ৩০ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ লাখ টাকার বেশি। মাছ ধরার প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে কাইগ বলেন, ‘সত্যি বলতে, বাস মাছ ধরতে আমার খুব ভালো লাগে। প্রতিবারই এখানে নতুন একটি ধাঁধা থাকে। বিষয়টি অনেকটা দাবা খেলার মতো।’ প্রতিযোগিতামূলক বাস মাছ ধরার ইতিহাস প্রায় ৬০ বছরের। তবে গত এক থেকে দুই দশকে খেলাটিতে এসেছে বড় পরিবর্তন। পেশাদার ক্যারিয়ার গড়ার সুযোগ তৈরি হওয়ায় যুক্তরাষ্ট্রজুড়ে হাইস্কুল ও তরুণদের মধ্যে বাড়ছে মাছ ধরার ক্লাব এবং প্রতিযোগিতার সংখ্যা। খেলাটির নিয়ন্ত্রক সংস্থা বাস নেশন বা বাস অ্যাঙ্গলার্স স্পোর্টসম্যান সোসাইটি। সংস্থাটির অধীনে বর্তমানে যুক্তরাষ্ট্রের ৩৫টি অঙ্গরাজ্যে প্রায় ১ হাজার ১০০টি হাইস্কুল ও যুব ক্লাব রয়েছে। এসব ক্লাবে অংশ নিচ্ছেন প্রায় ১২ হাজার অ্যাঙ্গলার। এক দশক আগে ক্লাবের সংখ্যা ছিল ৬০০ এবং অ্যাঙ্গলারের সংখ্যা ছিল প্রায় ৬ হাজার। অন্তত আটটি অঙ্গরাজ্যে বাস মাছ ধরা হাইস্কুল পর্যায়ের স্বীকৃত খেলায় পরিণত হয়েছে। অন্য অনেক স্কুলেও রয়েছে নিজস্ব মাছ ধরার ক্লাব। প্রতিযোগিতার নিয়মও বেশ সহজ। প্রতিটি দলে একজন অথবা দুজন হাইস্কুল শিক্ষার্থী অংশ নিতে পারেন। একজন প্রতিযোগী সর্বোচ্চ তিনটি মাছ ধরতে পারেন এবং প্রতিটি মাছের দৈর্ঘ্য হতে হয় কমপক্ষে ১৫ ইঞ্চি। মাছগুলো ওজন করার সময় জীবিত থাকতে হয়। ওজন নেওয়ার পর আবার সেগুলো লেকে ছেড়ে দেওয়া হয়। প্রতিযোগীরা নিজেদের পছন্দমতো কৃত্রিম টোপ, মাছ ধরার ছিপ ও নৌকা ব্যবহার করতে পারেন। তবে মাছ ধরার সময় বাইরে থেকে কোনো ধরনের সহায়তা নেওয়া নিষিদ্ধ। আকর্ষণীয় পুরস্কার থাকলেও এই খেলায় অংশ নিতে প্রয়োজন বড় অঙ্কের বিনিয়োগ। একটি নতুন বাস ফিশিং বোটের দাম হতে পারে ১ লাখ ডলার। মাছের অবস্থান ও পানির গভীরতা নির্ণয়ের ডিজিটাল ফিশ ফাইন্ডারের দাম ২ হাজার ডলার বা তার বেশি। উন্নতমানের একটি ফিশিং রড কিনতেও খরচ করতে হয় কয়েক শ ডলার। এ ছাড়া প্রতিযোগিতায় অংশ নিতে যাতায়াত, জ্বালানি, হোটেল, খাবার ও নিবন্ধন ফি বহন করতে হয়। এক স্থান থেকে অন্য স্থানে নৌকা পরিবহনের খরচও কম নয়। যুক্তরাষ্ট্রের অধিকাংশ জুনিয়র হাইস্কুল ও হাইস্কুলের মাছ ধরার দল আনুষ্ঠানিক স্কুল ক্রীড়া দল হিসেবে পরিচালিত হয় না; বরং ক্লাবের মাধ্যমে কার্যক্রম চালায়। নৌকা ও শিক্ষার্থীদের নিরাপত্তা এবং বীমাসংক্রান্ত দায়দায়িত্বের কারণে অনেক স্কুল আনুষ্ঠানিক দল গঠনে আগ্রহী নয়। ফলে দলগুলোর খরচ মেটাতে নিজেদের উদ্যোগেই অর্থ সংগ্রহ করতে হয়। এ ক্ষেত্রে বড় ভূমিকা রাখে বিভিন্ন প্রতিষ্ঠানের স্পনসরশিপ। একটি স্পনসরশিপের জন্য কয়েক শ থেকে কয়েক হাজার ডলার পর্যন্ত খরচ হতে পারে। এ কারণে প্রতিযোগীদের জার্সিতে দেখা যায় বিভিন্ন বেইট শপ, মেরিনা ও ব্যবসাপ্রতিষ্ঠানের লোগো। তবে পেশাদার অ্যাঙ্গলার হতে শুধু মাছ ধরার দক্ষতাই যথেষ্ট নয়। এর পাশাপাশি প্রয়োজন ব্যবসায়িক জ্ঞান, অর্থ ব্যবস্থাপনা এবং নিজের পরিচিতি ও গ্রহণযোগ্যতা তৈরির সক্ষমতা। স্পনসরদের কাছ থেকে সহযোগিতা পেতে হলে প্রতিযোগীদের নিজেদের দক্ষতা ও পরিচিতি প্রতিষ্ঠা করতে হয়। অর্থাৎ শুধু স্পনসরের কাছে গিয়ে সহায়তা চাইলেই হয় না, তৈরি করতে হয় নিজের বাজারমূল্যও। আরটিভি/এসকে
বড়শি দিয়ে মাছ ধরতে পারলেই মিলবে লাখ লাখ টাকা ও স্কলারশিপ
দৌড় প্রতিযোগিতায় অসুস্থ ৩০, হাসপাতালে ভর্তি ২৬
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অস্বাভাবিক গরমের কারণে অর্ধম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নেওয়া ৩০ জন অসুস্থ হয়ে পড়েছেন।
দৌড় প্রতিযোগিতায় অসুস্থ ৩০, হাসপাতালে ভর্তি ২৬
ধর্ষণ-যৌন নিপীড়নের দায়ে রাসেল ব্র্যান্ডের ১০ বছরের কারাদণ্ড
ব্রিটিশ কৌতুক অভিনেতা ও উপস্থাপক রাসেল ব্র্যান্ডকে ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে ১০ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাজ্যের আদালত। 
ধর্ষণ-যৌন নিপীড়নের দায়ে রাসেল ব্র্যান্ডের ১০ বছরের কারাদণ্ড
স্ত্রীর জ্যাকেটপ্রেম থেকে চীনা নারী গুপ্তচরের সঙ্গে পরকীয়া, তদন্তে এনভিডিয়া প্রধান
একই কালো চামড়ার জ্যাকেট পরে বছরের পর বছর আলোচনায় ছিলেন বিশ্বের অন্যতম শীর্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার (যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান) প্রধান নির্বাহী জেনসেন হুয়াং।
স্ত্রীর জ্যাকেটপ্রেম থেকে চীনা নারী গুপ্তচরের সঙ্গে পরকীয়া, তদন্তে এনভিডিয়া প্রধান
মদিনায় গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে ভয়াবহ হামলা
সৌদি আরবের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে হামলার ঘটনা ঘটেছে। এতে দেশটির পশ্চিমাঞ্চলের মদিনা অঞ্চলে পাইপলাইনের একটি স্থাপনায় আগুন ধরে যায়।
মদিনায় গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে ভয়াবহ হামলা
আরও পড়ুন
আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে সোনার দামে হঠাৎ বড় লাফ, দেশে ভরি কত?
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় পতন