হঠাৎ বদলে গেল বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশের নাম

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৫ আগস্ট ২০২৬ , ০৬:৩৪ পিএম


হঠাৎ বদলে গেল বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশের নাম
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র নাওয়েরো প্রজাতন্ত্র’। ছবি: সংগৃহীত

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র নাউরুর নাম আনুষ্ঠানিকভাবে বদলে ফেলা হয়েছে। স্থানীয় ভাষার শুদ্ধ উচ্চারণ ও ঐতিহ্যবাহী পরিচয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশটির নতুন নাম রাখা হয়েছে ‘নাওয়েরো প্রজাতন্ত্র’ (Republic of Naoero)।

দেশটির প্রেসিডেন্ট ডেভিড অ্যাডিয়াং জানান, শুধু দেশের নামই নয়, আন্তর্জাতিক পরিচিতিমূলক কোডেও পরিবর্তন আনা হচ্ছে। এর ফলে এত দিন নাউরুর নাগরিকদের ‘নাউরুয়ান’ বলা হলেও এখন থেকে তারা আন্তর্জাতিক অঙ্গনে ‘দেই-নাওয়েরো’ নামে পরিচিত হবেন।

সরকারের ভাষ্য অনুযায়ী, ‘নাওয়েরো’ নামটি নতুন নয়; এটিই দ্বীপটির মূল ঐতিহ্যবাহী নাম। বহিরাগতদের উচ্চারণের সুবিধার্থে আন্তর্জাতিকভাবে দীর্ঘদিন ‘নাউরু’ ব্যবহার করা হলেও স্থানীয় অধিবাসীদের কাছে দেশটি সব সময়ই ‘নাওয়েরো’ হিসেবে পরিচিত ছিল এবং দেশটির সংবিধানেও এই নামের উল্লেখ রয়েছে। চলতি বছরের জানুয়ারিতে পার্লামেন্টে পাস হওয়া প্রস্তাবের আইনি প্রক্রিয়া শেষে নাম পরিবর্তন কার্যকর হলো। 

প্রেসিডেন্ট অ্যাডিয়াং বলেন, এই পদক্ষেপে দেশের ভাষা, সংস্কৃতি ও স্বকীয়তা নতুন মর্যাদা পাবে।

আরও পড়ুন

মাত্র ১২ হাজার জনসংখ্যার নাওয়েরো আয়তন ও জনসংখ্যা উভয় বিচারে বিশ্বের অন্যতম ক্ষুদ্রতম স্বাধীন রাষ্ট্র। ১৯৬৮ সালে অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের শাসন থেকে মুক্ত হয়ে দেশটি স্বাধীনতা অর্জন করে। সত্তর দশকে ফসফেট খনিজ থেকে অর্জিত বিপুল অর্থ দেশকে সমৃদ্ধ করলেও পরবর্তীতে সেই শিল্প ধসে পড়ায় অর্থনৈতিক সংকটে পড়ে তারা। বর্তমানে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তন দেশটির প্রধান অস্তিত্ব সংকট হিসেবে দেখা দিয়েছে।

ইতিমধ্যে জাতীয় উড়োজাহাজ সংস্থা, সামুদ্রিক জাহাজ এবং সরকারি নথিপত্রে নতুন নাম ও কোড ব্যবহার শুরু হয়েছে। একই সঙ্গে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকেও নতুন নাম নিবন্ধনের অনুরোধ জানানো হয়েছে। ঔপনিবেশিক আমলের নাম বদলে নিজস্ব ঐতিহ্যে ফেরার এই তালিকায় এর আগে এসওয়াতিনি ও তুর্কিয়ে যুক্ত হয়েছিল, এবার যুক্ত হলো নাওয়েরো।
আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission