
দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে ব্যক্তিগত সুসম্পর্ক এবং ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের কোনো সামরিক অভিযানে সিউল যুক্ত না হওয়ার বিষয়টি টেনে তিনি এ সিদ্ধান্ত জানিয়েছেন।
রোববার (১৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত ভালো। ফলে দক্ষিণ কোরিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে চলে আসা ব্যয়বহুল সামরিক মহড়ায় যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ নিয়ে তিনি ইতিবাচক মনে করছেন না।
ট্রাম্পের দাবি, এই সামরিক মহড়াগুলোতে যুক্তরাষ্ট্রকে বিপুল পরিমাণ অর্থ অপচয় করতে হয়। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ড উত্তর কোরিয়ার প্রতি অপ্রয়োজনীয় উসকানিমূলক বার্তা দেয় বলে তিনি মনে করেন। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময় উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের প্রতি সম্মানজনক আচরণ দেখিয়েছে।
অন্যদিকে মধ্যপ্রাচ্য সংকটে দক্ষিণ কোরিয়ার ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প জানান, সম্প্রতি ইরানের পারমাণবিক নিরস্ত্রীকরণ কার্যক্রমে সিউলের কাছে সামরিক সমর্থন চাওয়া হয়েছিল। কিন্তু দক্ষিণ কোরিয়া তাতে সরাসরি অসম্মতি জানিয়েছে।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, সিউল অত্যন্ত সংক্ষিপ্ত জবাবে বলেছে, ‘না, ধন্যবাদ।’
দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের দূরপ্রাচ্যের একটি প্রধান রাজনৈতিক ও সামরিক মিত্র। উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র হুমকি রুখতে দুই দেশ দীর্ঘদিন ধরে যৌথ মহড়া চালিয়ে আসছে।
আরটিভি/এআর


