
যৌন কেলেঙ্কারির কারণে ২০১৮ সালের সাহিত্যে নোবেল পুরস্কার বাতিলই হয়ে যেতে পারে। আজ ৪ মে শুক্রবার সুইডিশ অ্যাকাডেমি চলতি বছরে সাহিত্যে নোবেল পুরস্কার বাতিল করা হবে কিনা ঘোষণা করবেন। খবর বিবিসি।
এ ইস্যুতে এরই মধ্যে সুইডিশ অ্যাকাডেমির ছয়জন সদস্যপদ ত্যাগ করেছেন। যাদের মধ্যে রয়েছে সংস্থার প্রধান সারা দানিউস। ওই ক্যাটাগরিতে রয়েছেন আরও ১০ সদস্য।
গত নভেম্বরে ‘হ্যাশ ট্যাগ মি টু’ ক্যাম্পেইনের সময় সুইডিশ অ্যাকাডেমির ১৮ জন নারীকর্মী যৌন হেনস্থার অভিযোগ আনেন সংস্থাটির আর্নল্ট নামের এক কর্মকর্তার বিরুদ্ধে। ১৯৯৬ থেকে ২০১৭ পর্যন্ত আর্নল্ট বিভিন্ন সময়ে বহু নারীকর্মীকে যৌন হেনস্থা করেছেন বলে অভিযোগ করা হয়েছে।
ওই ১৮জনের মধ্যে দু’জন গ্যাব্রিয়েলা হাকানসন এবং এলিজে কার্লসন সংবাদমাধ্যমের সামনে মুখও খোলেন।
পরের দিনই সংস্থার প্রধান সারা জানান, আর্নল্টের সঙ্গে সমস্ত রকমের সম্পর্ক ছিন্ন করেছে সুইডিশ অ্যাকাডেমি।
সবশেষ সুইডিশ অ্যাকাডেমি আজ শুক্রবারের ঘোষণার উপর নির্ভর করছে চলতি বছরে সাহিত্যে নোবেল পুরস্কার বাতিল করা হবে কিনা।
উল্লেখ্য, ১৯০১ সাল থেকে শুরু হওয়া সাহিত্যে নোবেল পুরস্কার এ পর্যন্ত সাতবার বন্ধ রাখা হয়েছিল। আর ওই সালগুলো হলো ১৯১৪,১৯১৮, ১৯৩৫, ১৯৪০ এবং ১৯৪১-৪৩।
এপি/জেএইচ




