
মার্কিন যুক্তরাষ্ট্রের ৪২তম রাষ্ট্রপতি বিল ক্লিনটন। সাবেক এই প্রেসিডেন্ট হোয়াইট হাউজের দিনগুলো নিয়ে উপন্যাস লিখছেন। খবর নিউ ইয়র্ক টাইমস।
মার্কিন লেখক জেমস প্যাটারসনের সঙ্গে যৌথভাবে ‘দ্য প্রেসিডেন্ট ইজ মিসিং’ নামের এই উপন্যাস লিখছেন বিল ক্লিনটন। দুজনে একসঙ্গে লিখছেন একটি রাজনৈতিক থ্রিলার উপন্যাস। এতে হোয়াইট হাউজে বিল ক্লিনটনের সময়টাকে ফুটিয়ে তোলা হবে।
‘দ্য প্রেসিডেন্ট ইজ মিসিং’ নিয়ে বিল ক্লিনটন বলেন, আমি থ্রিলার খুব পছন্দ করি। প্রচুর থ্রিলার পড়ি আমি। সম্প্রতি শেষ করেছি জেসন ম্যাথিউসের লেখা ‘রেড স্প্যারো’। তবে জেমস প্যাটারসনেরও ভক্ত আমি। তার লেখা ২৫টি বইয়ের সবগুলো পড়েছি আমি।
বিল ক্লিনটন আরও বলেন, আমি ১৯৮০র দশকের শুরু থেকে খুব বেশি মার্ডার বিষয়ক ফিকশন বা থ্রিলার পড়িনি। সবেমাত্র সেগুলো হাতে নিয়েছি।
তবে এখন নিজেই একটি উপন্যাস লেখার বাসনা জাগিয়ে তুলেছেন। সব সময়ই আমি এমন বই লিখতে চেয়েছি।
যদি ক্লিনটন এক্ষেত্রে সফল হন তাহলে তিনিই হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে থ্রিলার লেখা প্রথম কোনো সাবেক প্রেসিডেন্ট।
চলতি মাসে বইটি প্রকাশিত হওয়ার কথা রয়েছে। প্রকাশক হিসেবে রয়েছে আলফ্রেড এ নফ অ্যান্ড লিটল ও ব্রাউন অ্যান্ড কোম্পানি।
প্রকাশকরা বলেছেন, বইটি ক্ষমতার সর্বোচ্চ স্তরে পর্দার পেছনে কী ধরনের ঘটনা ঘটে-সেই বিষয়ক রোমাঞ্চকর ও টানটান উত্তেজনার কথা পাঠকদের জানাবে। শুধু প্রেসিডেন্টরা জানেন, এমন কিছু প্রক্রিয়া সম্পর্কেও জানতে পারবেন পাঠকরা।
উল্লেখ্য, ৭০ বছরের এই সাবেক প্রেসিডেন্টের লেখক পরিচয় এবারই প্রথম নয়। ২০০৪ সালে ‘মাই লাইফ’ নামে একটি আত্মজীবনী লিখেছিলেন তিনি। ওই বছর বেস্ট সেলার হয়েছিল বইটি।
এপি/পি




