
মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে অভিযোগ দায়ের করেছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন। বুধবার তিনি দেশটির সুপ্রিম কোর্টে ওই অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন ইয়ামিনের আইনজীবী মোহামেদ সালিম। খবর আল-জাজিরার।
মোহামেদ সালিম জানান, প্রেসিডেন্টের ‘সমর্থকদের কাছ থেকে অনেক অভিযোগ’ আসার প্রেক্ষিতে এই অভিযোগ দায়ের করা হয়েছে।
সরকারপন্থী একটি টেলিভিশন চ্যানেলকে তিনি বলেন, ‘নির্বাচনী ফল নিয়ে সমর্থকদের অভিযোগ পর্যালোচনা করে’ প্রেসিডেন্ট শীর্ষ আদালতে একটি ‘সাংবিধানিক মামলা’ দায়ের করেছেন।
তবে মামলার বিস্তারিত প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন সালিম। তিনি বলেন, আমি আদালতে কাগজপত্র ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করবো।
এদিকে এই মামলার মধ্য দিয়ে ইয়ামিন নির্বাচনী ফল পরিবর্তনের চেষ্টা করছেন কিনা এমন প্রশ্নের জবাব দেননি সালিম।
অন্যদিকে ইয়ামিনের আরেকজন আইনজীবী আব্দুল্লাহ শিয়াজ চ্যানেল ১৩-কে বলেন, তিনি আশা করেন সুপ্রিম কোর্ট এই মামলা গ্রহণ করবে এবং প্রেসিডেন্টের সমর্থকদের উদ্বেগের সমাধান দেবেন।
ক্ষমতাসীন প্রোগ্রেসিভ পার্টি অব মালদ্বীপ (পিপিএম)-ও এক বিবৃতিতে ওই মামলার বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলছে, নির্বাচনে যে অনিয়ম হয়েছে সেটির বিষয়ে তারা আইনি পদক্ষেপ গ্রহণ করেছে।
ভারত মহাসাগরে দ্বীপপুঞ্জ রাষ্ট্রটিতে গেল ২৩ সেপ্টেম্বরের নির্বাচনে বিরোধী নেতা ইব্রাহিম মোহামেদ সোলিহ’র কাছে পরাজিত হন ইয়ামিন। তিনি সোলিহ’র চেয়ে ১৬ শতাংশ কম ভোট পান। দীর্ঘ দিনের রাজনৈতিক সঙ্কটের পর ক্ষমতা বদলের এই নির্বাচনী ফলকে স্বাগত জানিয়েছে ভারত, যুক্তরাষ্ট্র, চীন, ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য দেশ।
নির্বাচনের পরদিন পরাজয় মেনে নিয়ে সোলিহকে শুভেচ্ছাও জানান ইয়ামিন। কিন্তু এরপর থেকেই নির্বাচনে ব্যাপক দুর্নীতি অভিযোগ তোলেন। যদিও দাবির পক্ষে তেমন কোনও প্রমাণ উপস্থাপন করতে পারেননি ইয়ামিন।
আরও পড়ুন :
এ/ এমকে




