
সারাবিশ্বে প্রতিদিন গড়ে ১৩৭ জন নারী তাদের কাছের মানুষদের হাতে খুন হচ্ছেন বলে জাতিসংঘের এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে।
সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে জাতিসংঘের ড্রাগ ও অপরাধ সংক্রান্ত দপ্তরের একটি গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি বাংলা।
এই গবেষণা প্রতিবেদন অনুসারে, ২০১৭ সালে সারাবিশ্বে ৮৭ হাজার নারী খুন হন। তাদের অর্ধেকের বেশি খুন হন ঘনিষ্ঠ লোকজনের হাতে। প্রায় ৩০ হাজার নারী খুন হন তাদের খুব কাছের সঙ্গী বা পার্টনারের হাতে। বাকি ২০ হাজার নারী খুন হন কোনও না কোনও আত্মীয়ের হাতে।
প্রতিবেদনটিতে আরও বলা হয়, ইচ্ছাকৃত হত্যাকাণ্ড হিসেবে পুরুষের খুন হওয়ার হার নারীর তুলনায় চারগুণ বেশি। সারাবিশ্বে প্রতি ১০টি হত্যাকাণ্ডের মধ্যে আটজনই পুরুষ, যারা অন্যের হাতে খুন হন। তবে ঘনিষ্ঠ পুরুষ সঙ্গী বা পার্টনারের হাতে খুন হওয়া প্রতি দশজন মানুষের মধ্যে আটজনেরও বেশি নারী।
সরকারি সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। এতে বলা হয়, নারীরা যে বাড়িতে থাকেন, সেই বাড়িতেই তাদের খুন হওয়ার ঝুঁকি অনেক বেশি।
এদিকে ২০১৮ সালের ১ অক্টোবর সংবাদ মাধ্যমে প্রকাশিত সারাবিশ্বে অন্যের হাতে নারী খুন হওয়ার খবর বিশ্লেষণ করে বিবিসি। এতে দেখা যায়, ২১টি দেশে ৪৭ জন নারী নারী-পুরুষ সংক্রান্ত কারণে খুন হন। এসব খুনের ব্যাপারে এখনও তদন্ত চলছে।
আরও পড়ুন :
কে/জেএইচ




