
অধিকাংশ বসই জানে যে অফিসে তার কর্মীদের পারফরম্যান্স নির্ভর করে রাতে তাদের ঘুমানোর ওপর। কিন্তু এর জন্য কর্মীদের অর্থ দেয়া হয় এমন কথা শুনেছেন! এমন ঘটনাই ঘটিয়েছে জাপানের একটি বিয়ে আয়োজন কোম্পানি ক্রেজি ইনক।
ক্রেজি ইনকের যেসব কর্মী সপ্তাহের পাঁচ রাতে কমপক্ষে ছয় ঘণ্টা করে ঘুমায়, তাদেরকে কোম্পানির পক্ষ থেকে পয়েন্ট পুরস্কার দেয়া হয়। এটি বিনিময়ে কোম্পানির ক্যাফেটেরিয়া থেকে তাদেরকে প্রতি বছরে ৬৪ হাজার ইয়েনের (জাপানি মুদ্রা) খাবার সরবরাহ করা হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ব্লুমবার্গ।
একটি অ্যাপের মাধ্যমে রাতের বেলায় কর্মীদের ঘুমানোর সময় রেকর্ড করে ক্রেজি ইনক। কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা কাজুহিকো মরিয়ামা বলেন, আপনাকে অবশ্যই আপনার কর্মীদের অধিকার নিশ্চিত করতে হবে। আমি এমন কিছু করতে চাই, যা অন্যদের কাছে পাগলামি মনে হবে।
এছাড়া ক্রেজি ইনকের পক্ষ থেকে কর্মীদেরকে পুষ্টিকর খাবার, ব্যায়াম এবং অধিকতর ইতিবাচক কাজের পরিবেশ নিশ্চিত করা হয়। মরিয়ামার মতে স্বচ্ছন্দময় ও হাসি-খুশি জীবনযাপনকারী কর্মীরাই অফিসে ভালো পারফরম্যান্স করে।
দেশটির স্বাস্থ্য পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘ফুজি রিয়োকি’ এক জরিপ মতে, ২০ বছরের বেশি বয়স্ক জাপানিদের ৯০ শতাংশই যথেষ্ট পরিমাণ ঘুমায় না। অথচ কর্মীদের ভালো ঘুমানোর কারণে কোম্পানির ব্যবসায়িক পারফরম্যান্স এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধির অনেক নজির আছে।
যুক্তরাষ্ট্রের অলাভজনক কোম্পানি র্যান্ড করপোরেশনের গবেষণা অনুসারে, অপর্যাপ্ত ঘুমের কারণে প্রতি বছর দেশটিতে ৪১১ বিলিয়ন ডলারের সমপরিমাণ ক্ষতি হয়, যা জিডিপির দুই দশমিক ২৮ শতাংশ। আর এই কারণে জাপানে ১৩৮ ডলারের সমপরিমাণ ক্ষতি হয়, যা দেশটির জিডিপির দুই দশমিক ৯২ শতাংশ।
কে/এমকে




