
জাপানিরা নিত্য-নতুন বিষয় উদ্ভাবনে বেশ পটু। তাদের এসব উদ্ভাবন দেখলে অনেকেরই চোখ কপালে উঠে। এবার তেমনই একটি বিষয় উদ্ভাবন করেছে তারা।
আমাদের কাছে বাচ্চাদের কান্না স্বাভাবিক একটি বিষয়। কিন্তু জাপানিরা পাবলিক স্পেসে বাচ্চাদের কান্না পছন্দ করেন না। আর এটা ঠেকাতেই নতুন এক প্রযুক্তি উদ্ভাবন করেছে দেশটির গবেষকরা।
জাপানি গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘হন্ডা’ দাবি করেছে, তারা এমন একটি গাড়ি তৈরি করছে যা শিশুদের কান্না থামাতে সাহায্য করবে। হন্ডার দাবি, গর্ভে থাকাকালীন সময়ে একটি বিশেষ শব্দ বা কম্পন অনুভব করে শিশুরা। এই খেলনা গাড়িটির ইঞ্জিনের শব্দ বা কম্পন হবে ঠিক সেই রকম।
স্মার্টফোনের মাধ্যমে গাড়িটি চালু করলে সেই শব্দ বা কম্পন বাচ্চাদের কান্না থামাতে সাহায্য করবে বলে দাবি এই গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের। আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, এই গাড়ির নাম ‘সাউন্ড সিটার’। হুন্ডার বিভিন্ন গাড়ির মডেল থেকে ‘এনএসএক্স’ মডেলটিকেই খেলনা গাড়ির মডেল হিসেবে বেছে নেয়া হয়েছে।
বাচ্চাদের কান্নায় জাপানে প্রায়ই জনগণের অস্বস্তির সম্মুখীন হতে হয় মা-বাবাদের। এর প্রতিকারের জন্য ২০১৬ সালে একদল জাপানি নারী পথে নামেন। এসময় ‘শিশুরা কাঁদলে আমার কোন সমস্যা নেই’ লেখা স্টিকার দেয়া হয় জনগণকে। শিশুদের কান্নায় যাতে অন্যরা বিরক্তিবোধ না করেন অথবা বাবা-মাকে দোষারোপ না করেন, তার জন্যই এ ধরনের প্রচারণা চালানো হয়েছিল।
আরও পড়ুন :
ডি/এমকে




