
আবারও ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, ইরানের তেলের ট্যাংকারে ইসরায়েল হামলার দুঃসাহস দেখালে কঠোর জবাব দেয়া হবে। বুধবার প্রকাশিত একটি প্রতিবেদন এসব কথা জানায় ইরানভিত্তিক গণমাধ্যম পার্সটুডে।
আমির হাতামি বলেন, ইরানের তেলের ট্যাংকারের বিরুদ্ধে নেয়া যেকোনও পদক্ষেপ জলদস্যুতা হিসেবে গণ্য হবে এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ও এই ধরনের তৎপরতা মেনে নেবে না।
আন্তর্জাতিক জলসীমায় নিজেদের নৌযানের নিরাপত্তা নিশ্চিত করার মতো যথেষ্ট সক্ষমতা ইরানের আছে বলেও উল্লেখ করেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী।
সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইরানের তেলের চালানের ওপর হামলা করতে পারে ইসরায়েলি নৌবাহিনী।
তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়িয়ে ইরান গোপনে তেলের চালান পাঠানোর চেষ্টা করছে। ইরানের এমন তৎপরতা যদি বেড়ে যায়, তবে তা রুখে দেয়ার জন্য ইসরায়েলি নৌবাহিনীকে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
উল্লেখ্য, ইরান এর আগেও ইসরায়েলকে একাধিকবার সতর্ক করে বলেছে, ইসরায়েলের যেকোনও হুমকি মোকাবেলায় ইরানিরা প্রস্তুত আছে।
কে/পি




