
কেন্দ্রীয় সংসদ সচিবালয়ের এক নারী কর্মীকে ধর্ষণের অভিযোগ ওঠায় নেপালের সংসদের স্পিকার কৃষ্ণা বাহাদুর মহরা মঙ্গলবার পদত্যাগ করেছেন।
তিনি ডেপুটি স্পিকার শিবামায়া তুমবাহামফের কাছে পদত্যাগপত্র জমা দেন বলে জানিয়েছেন একাধিক কর্মকর্তা। খবর ইন্ডিয়া টুডের।
এই পদত্যাগপত্রে মহরা উল্লেখ করেন, তার বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্তের সুবিধার্থে স্পিকারের পদত্যাগ করছেন তিনি।
এর আগে তিনি এই অভিযোগ অস্বীকার করেন। অনলাইন গণমাধ্যম হামরো কুরা-তে প্রকাশিত এক ভিডিওতে অভিযোগটি করা হয়।
অভিযোগকারী নারী জানান, তিনি কয়েক বছর ধরে মহরাকে চেনেন। মহরা ২৩ সেপ্টেম্বর তার বাসায় যান। তিনি বাসায় একা ছিলেন।
তিনি জানান, এসময় মহরা মাতাল অবস্থায় ছিলেন। মহরাকে বাসায় ঢুকতে নিষেধ করার পরও তিনি বাসায় ঢুকে তাকে ধর্ষণ করেন।
হিমালয়ান টাইমসের খবরে বলা হয়, মঙ্গলবার সকালে ক্ষমতাসীন দল নেপাল কমিউনিস্ট পার্টির এক বৈঠকে এই পদত্যাগের সিদ্ধান্ত হয়।
দলটির মুখপাত্র নারায়ণ কাজী শ্রেষ্ঠ জানান, মহরার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের জন্য তিনি পদত্যাগ করবেন বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কে/এসএস




