
আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর কাছে ইসলামিক স্টেটের (আইএস) যোদ্ধারা এবং তাদের পরিবারের সদস্যসহ প্রায় ৯০০ জন আত্মসমর্পণ করেছে।
আত্মসমর্পণকারীদের বেশির ভাগই পাকিস্তানি নাগরিক। তবে তাদের মধ্যে আছে দশ ভারতীয়। ঘটনাটির সঙ্গে সংশ্লিষ্টরা রোববার এই তথ্য জানায়। খবর ভারতের গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের।
দেশটির পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে আইএসের এসব যোদ্ধা আত্মসমর্পণ করে। এখানে সংগঠনটির বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল আফগান জাতীয় নিরাপত্তা বাহিনী।
গত ১২ নভেম্বর শুরু এই অভিযানের ১৩ পাকিস্তানি নাগরিকসহ ৯৩ আইএস সদস্য আত্মসমর্পণ করে। নারী ও শিশুসহ দশ ভারতীয়ের বেশির ভাগই ভারতের কেরালার বাসিন্দা।
আত্মসমর্পণের পর তাদের আফগান রাজধানী কাবুলে নেয়া হয়েছে। দেশটির গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ডিরেক্টোরেট অব সিকিউরিটির একটি বিশেষ দল তাদের সম্পর্কে বিস্তারিত সংগ্রহ করছে।
কাবুলের এক সরকারি কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, আমরা আত্মসমর্পণকারীদের প্রত্যেকে জিজ্ঞাসাবাদ করছি। এই প্রক্রিয়া শেষ হবার পর বিস্তারিত জানানো হবে।
নানগারহারে ভারতীয় বংশোদ্ভূত আইএস যোদ্ধারা সক্রিয় আছে বলে মনে করা হয়। অবশ্য আফগান বিশেষ বাহিনীর বিমান হামলায় এসব যোদ্ধার কয়েকজন নিহত হয়েছে।
২০১৬ সাল থেকে এ পর্যন্ত কেরালার এক ডজন পুরুষ আইএসে যোগ দেয়ার জন্য আফগানিস্তানে গিয়েছে। তাদের অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করেছে।
কে/এসএস




