
ভারতের উত্তরপূর্ব দিল্লিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর ফলে অঞ্চলটিতে চারজন বা তার চেয়ে বেশি মানুষ জড় হতে পারবে না। খবর স্থানীয় গণমাধ্যম এনডিটিভির।
অঞ্চলটিতে অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। তবে বিদ্যালয় ও কিছু বাজারের দোকান খোলা। সরকারি কর্মকর্তারা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
ডেপুটি কমিশনার অব পুলিশের কার্যালয় (উত্তরপূর্ব) জানায়, ১৪৪ ধারা জারির পর নিরাপত্তা বাহিনীর সদস্যদের সংখ্যা বাড়ানো হয়েছে। স্থানীয়দেরকে শান্ত থাকার আহ্বান জানানো হচ্ছে।
মঙ্গলবারের সহিংসতার ঘটনায় দুটি এফআইআর (ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট) দায়ের করা হয়েছে। এরপর সহিংসতায় জড়িত থাকার অভিযোগে মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এই আট জনের মধ্যে পাঁচজনকে মঙ্গলবার রাতে সিলামপুর ও জাফরাবাদ এবং একজনকে দায়ালপুর থেকে গ্রেপ্তার করা হয়। অপর দুজনকে বুধবার গ্রেপ্তার করে পুলিশ।
এছাড়া ১৮ জনকে পুলিশের হেফজতে নেয়া হয়েছে। তারা বিশৃঙ্খলা তৈরি করতে পারেন এমন সন্দেহে তাদেরকে পুলিশের হেফাজতে নেয়া হয়।
মঙ্গলবার বিকেলে সংশোধিত নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে রাস্তায় নামা বিক্ষোভকারীরা কিছু মোটর বাইক আগুন ধরিয়ে দেয়।
তারা পুলিশের দিকে ইট-পাথর ছোড়ে। অন্যদিকে পুলিশ বিক্ষোভকারীদের দিকে টিয়ার গ্যাস ছোড়ে। এসময় সিলামপুর এলাকার একটি পুলিশ বুথ এবং বেশকিছু বাস ক্ষতিগ্রস্ত হয়।
কে/এমকে




