
ভারতে গত কয়েক সপ্তাহ ধরে নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ অব্যাহত আছে। পশ্চিমবঙ্গ শুরু থেকেই এই বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এমনকি রাজ্যটিতে এই আইন বিরোধী বিক্ষোভে সহিংসতা দেখা গেছে।
সামনের দিনগুলোতে রাজ্যে যাতে আর এমন পরিস্থিতি তৈরি না হয় সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার অংশ হিসেবে মন্ত্রীদের ছুটি বাতিল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খবর ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম ওয়ানইন্ডিয়ার।
সোমবার পশ্চিমবঙ্গের অস্থায়ী রাজ্য সচিবালয়ে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক মন্ত্রীদের ছুটি বাতিলের সিদ্ধান্ত হয়। বৈঠকের পর মমতা জানান, মন্ত্রীদের নিজেদের এলাকায় থাকতে হবে। নজর রাখতে হবে সবদিকে।
অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা মন্ত্রীদের উদ্দেশে বলেন, উৎসবের মৌসুমে কোনোভাবেই রাজ্যে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে নজর রাখতে হবে। পাশাপাশি রাজ্যের অন্যান্য পরিস্থিতির দিকেও নজর রাখতে হবে।
তবে পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বর্তমানে চোখের অপারেশন করাতে হায়দরাবাদে অবস্থান করছেন। বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় পরিবার নিয়ে দার্জিলিং বেড়াতে গেছেন। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন না তারা।
কে/এসএস




