
মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন ও খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলসহ মূল ধর্মগ্রন্থগুলো পুনর্লিখনের উদ্যোগ নিয়েছে চীন। ‘সমাজতন্ত্রের মূল্যবোধ’ ও ‘যুগের চাহিদার’ সঙ্গে মিল রেখে এই পুনর্লিখন করা হবে। দেশটিতে ধর্মীয় বিষয়গুলোর তদারকি করা জাতিতত্ত্ব বিষয়ক কমিটির এক সভায় এমন নির্দেশ দেয়া হয়েছে।
চীনের কমিউনিস্ট পার্টির এক নেতার বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, নতুন এই নির্দেশনার ভিত্তিতে পুনর্লিখনের পর ধর্মগ্রন্থগুলোর নতুন সংস্করণে কমিউনিস্ট পার্টির আদর্শের বিরুদ্ধে যায় এমন কোনও বিষয় থাকবে না। গ্রন্থগুলোর কোনও অংশ ‘ভুল’ মনে হলে তা পুনরায় সংশোধন ও অনুবাদ করা হবে। তবে সেখানে নির্দিষ্টভাবে কোনও ধর্মগ্রন্থের নাম উল্লেখ করা হয়নি।
গত নভেম্বর মাসে জাতিতত্ত্ব বিষয়ক কমিটির ওই সভা অনুষ্ঠিত হয়। সেখানে কমিউনিস্ট পার্টি অব চায়না’র কেন্দ্রীয় কমিটি থেকে বিভিন্ন ধর্মের প্রতিনিধি, বিশেষজ্ঞসহ ১৬ জনের একটি দল উপস্থিত ছিলেন। ওই সভার তত্ত্বাবধানে ছিলেন চাইনিজ পিপল’স পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের প্রধান ওয়াং ইয়াং।
এই কর্মকর্তা বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নির্দেশনা অবশ্যই মেনে চলতে হবে। এছাড়া ‘সমাজতন্ত্রের মৌলিক মূল্যবোধ’ ও ‘যুগের চাহিদার’ সঙ্গে মিল রেখে ধর্মীয় আদর্শগুলোর ব্যাখ্যা করতে হবে।
এ/পি




