
কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ইতালি চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন ভারতের কেন্দ্রীয় পশুপালন, দুগ্ধ ও মৎস্যমন্ত্রী গিরিরাজ সিং। তিনি বলেন, রাহুল গান্ধীর যদি অনুপ্রবেশকারীদের জন্য এতই প্রেম থাকে, তবে তিনি তাদের সঙ্গে করে নিয়ে ইতালি চলে যেতে পারেন।
এমনকি নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কংগ্রেস ও ‘কিছু লোক ছাড়া আর কারও সমস্যা নেই’ বলেও মন্তব্য করেছেন গিরিরাজ। এসময় তিনি কংগ্রেসের বিরুদ্ধে দ্বিচারিতা এবং দেশভাগেরও অভিযোগ তোলেন।
তিনি বলেন, এই কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকারই একসময় নাগরিকত্ব আইন নিয়ে গলা ফাটিয়েছিল। কিন্তু এখন তারা তোষণের রাজনীতি করবে বলে এই আইনের বিরোধিতা করছে। কংগ্রেস মিথ্যা বলে দেশকে বিভক্ত করতে চাইছে।
এর আগে শনিবার আসামের গুয়াহাটি গিয়ে বিজেপিকে আক্রমণ করে রাহুল গান্ধী বলেছিলেন, যেকোনোভাবেই ঐতিহাসিক আসাম চুক্তির চেতনা ভেঙে ফেলা উচিত নয়। বিজেপি আসামের সংস্কৃতি জানে না, তাদের এটার ওপর আক্রমণ করতে দেবেন না। ধারণা করা হচ্ছে, রাহুলের এই বক্তব্যের পাল্টা হিসেবে এমন মন্তব্য করেছেন গিরিরাজ সিং।
উল্লেখ্য, নতুন নাগরিকত্ব সংশোধনী আইন ও আসামের জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে পুরো ভারত উত্তপ্ত হয়ে উঠেছে। এর জেরে ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ হচ্ছে এবং বিরোধীদের তোপের মুখে পড়েছে মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকার।
এ/পি




