বিচারককে ‘আ.লীগের দালাল’ তকমা, ৪ আইনজীবীকে শোকজ

আরটিভি নিউজ 

রোববার, ১৮ মে ২০২৫ , ০৩:৫৭ পিএম


জামিন না দেওয়ায় বিচারককে ‘আ.লীগের দালাল’ তকমা, ৪ আইনজীবীকে শোকজ
ফাইল ছবি

হত্যাচেষ্টা ও চাঁদা দাবির মামলায় আসামিকে জামিন না দেওয়ায় বিচারককে ‘আওয়ামী লীগের দালাল’ বলে তকমা ও গালি দেওয়ার ঘটনায় বিএনপিপন্থী চারজন আইনজীবীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। 

রোববার (১৮ মে) সংগঠনটির দপ্তর সম্পাদক মো. জিয়াউর রহমান স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশে এ তথ্য জানা যায়। 

নোটিশ পাওয়া আইনজীবীরা হলেন—ফোরামের ঢাকা বার ইউনিটের আহ্বায়ক খোরশেদ আলম, ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল খালেক মিলন, ফোরামের ঢাকা বার ইউনিটের প্রাথমিক সদস্য অ্যাডভোকেট মো. জাবেদ ও অ্যাডভোকেট এস এম ইলিয়াস হাওলাদার।

নোটিশে বলা হয়, গত ১৭ মে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলার শুনানিকে কেন্দ্র করে তাদের অপেশাদারিত্বমূলক আচরণ ইতোমধ্যে বিভিন্ন ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে, যা দলীয় ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ন করেছে। এহেন অযাচিত এবং অপেশাদার মূলক আচরণের জন্য তাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে সভাপতি ও মহাসচিব বরাবর লিখিতভাবে আগামী ৩ (তিন) দিনের মধ্যে কারণ ব্যাখ্যা করার জন্য বলা হয়েছে।

জানা যায়, কেরানীগঞ্জ মডেল থানার একটি হত্যাচেষ্টা মামলা হানিফ মেম্বার নামে এক আসামি ১২ মে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। কিন্তু তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। গত বৃহস্পতিবার (১৫ মে) আবারও তার জামিন চেয়ে আবেদন করেন আইনজীবী। তবে নিবেদন মতে শনিবার (১৭ মে) শুনানি করার জন্য রাখতে বলেন আইনজীবীরা। কিন্তু শনিবারও শুনানিতে আসামিকে জামিন না দেওয়ায় বিচারককে ‘আওয়ামী লীগের দালাল’ তকমা দিয়ে গালিগালাজ করেন কয়েকজন আইনজীবী। 

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আব্দুল্লাহ আল মামুন বলেন, কেরানীগঞ্জ মডেল থানার একটি হত্যাচেষ্টা মামলায় হানিফ মেম্বার নামে এক আসামির জামিন শুনানির দিন ধার্য ছিলো শনিবার। খোরশেদ আলমসহ কয়েকজন আইনজীবী এ জামিন শুনানি করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন। কিন্তু এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান আইনজীবীরা। বিচারককে তারা ফ্যাসিবাদের দোসর, দালাল বলেন। আদালতের কজলিস্ট ছুঁড়ে ফেলে দেন।

আরটিভি/এসএইচএম/এআর

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission