
শরীয়াহভিত্তিক বিবাহ সংক্রান্ত কনসালটেন্সি প্ল্যাটফর্ম আইডিয়াল ম্যারেজ ব্যুরোর প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। নারী নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করা হলে বিচারক এ আদেশ দেন।
রোববার (২৩ নভেম্বর) শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভিক্টোরিয়া চাকমার আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঢাকা জেলা পুলিশের প্রসিকিউশন বিভাগের পরিদর্শক কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্ত্রীর করা এক মামলায় মামুনুর রশিদকে পরোয়ানামূলে গ্রেপ্তার করে পুলিশ। রোববার সন্ধ্যায় তাকে আদালতে হাজির করে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে, রোববার বিকেল ৩টার দিকে ঢাকার কেরানীগঞ্জের আটিবাজার এলাকায় অবস্থিত নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গত শুক্রবার কাসেমীর স্ত্রী কেরানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছিলেন। সেই মামলায় রোববার তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর কাসেমীকে কেরানীগঞ্জ থানা পুলিশ হেফাজত থেকে আদালতে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২২ নভেম্বর) মামুনুর রশিদ কাসেমীর স্ত্রী তামান্না হাতুনের পক্ষে তার মামি আন্না পারভীন বাদী হয়ে কেরানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, মামুনুর রশিদ কাসেমী তামান্না হাতুনকে বিয়ে করার পর সংসার করেন এবং পরে তালাকও দেন। পরে আবার বিয়ে করবেন বলে ওই নারীকে ৬ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর নিজের হেফাজতে রেখে ধর্ষণ করেন।
আরটিভি/এমএ




