
রাজধানীর মোহাম্মদপুরে মনসুর নামে এক ব্যক্তির পোষা বিড়াল হত্যার অভিযোগে দায়ের করা মামলায় আসামি আকবর হোসেন শিবলুর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হকের আদালতে মামলার সাক্ষী এজাজ হোসাইন মারওয়ান জবানবন্দি দেন। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আগামী ১২ জানুয়ারি আসামির আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য করেন।
বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন জানান, মামলায় চারজন সাক্ষীর জবানবন্দি গ্রহণ সম্পন্ন হয়েছে। এখন আত্মপক্ষ সমর্থনের মাধ্যমে মামলার পরবর্তী প্রক্রিয়া এগোবে।
এর আগে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি পিপলস ফর এনিমেল ওয়েলফেয়ারের পক্ষ থেকে নাফিসা নওরীন চৌধুরী মামলাটি দায়ের করেন। বাদীর জবানবন্দি গ্রহণের পর আদালত মোহাম্মদপুর থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেন।
পরবর্তীতে পুলিশের তদন্ত প্রতিবেদনে আসামি আকবর হোসেন শিবলুর বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়। গত ১৪ জুলাই আদালত অভিযোগ গঠন করে মামলার বিচার শুরুর আদেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১ ফেব্রুয়ারি দুপুরে মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের ৯ম তলা থেকে মনসুরের পোষা বিড়ালটি নিখোঁজ হয়। পরে ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, আসামি আকবর হোসেন শিবলু বিড়ালটিকে ফুটবলের মতো এলোপাতাড়ি লাথি মারছেন এবং নিথর হওয়ার পরও পা দিয়ে আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করেন।
আগামী ১২ জানুয়ারি আদালতে আত্মপক্ষ সমর্থনের শুনানি অনুষ্ঠিত হবে।
আরটিভি/কেআই




