
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক বিচারপতি এএফএম মেজবাহ উদ্দিনের মৃত্যুতে তার প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকাজ অর্ধবেলা বন্ধ ঘোষণা করা হয়েছে।
সুপ্রিম কোর্ট আপিল বিভাগের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ রোববার (১৫ ডিসেম্বর) সকালে এ ঘোষণা দেন। তিনি জানান, আপিল বিভাগ বেলা ১১টার পর আর বসবে না এবং হাইকোর্ট বিভাগের বিচারকাজ দুপুরের পর থেকে বন্ধ থাকবে। পাশাপাশি চেম্বার আদালতের বিচারকাজও বন্ধ থাকবে।
৮০ বছর বয়সী এএফএম মেজবাহ উদ্দিন রোববার রাত পৌনে এগারোটার দিকে ইন্তেকাল করেছেন। মৃত্যুর খবর নিশ্চিত করেছে সুপ্রিম কোর্ট বার। সোমবার (১৬ ডিসেম্বর) বাদ জোহর সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে তার জানাজা অনুষ্ঠিত হবে।
সিনিয়র অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ১৯৭৭ সালের ৩ অক্টোবর হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০০ সালের ২৮ মে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথ নেওয়ার পর দুই বছর দায়িত্ব পালন করেন। স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ না পাওয়ায় তিনি পুনরায় আইন পেশায় ফিরে আসেন। ২০০৯-২০১০ সালের সেশনে তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
তার মেয়ে অ্যাভোকেট সীমন্তী আহমেদ জানান, বনানী কবরস্থানে তার পিতা এএফএম মেজবাহ উদ্দিনকে দাফন করা হবে।
আরটিভি/এসকে




