
চাঁপাইনবাবগঞ্জে দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে গোলাম কবির (৫৪) নামে এক শিক্ষককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মাইনুদ্দিন হিরা এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত শিক্ষক আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত গোলাম কবির শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের কাঠালিয়াপাড়া এলাকার বাসিন্দা। তিনি ছত্রাজিতপুর উচ্চবিদ্যালয়ের শরীরচর্চা বিষয়ের শিক্ষক ছিলেন।
মামলার নথি ও আদালত সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের দশম শ্রেণির ওই ছাত্রীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ছিল শিক্ষক গোলাম কবিরের বিরুদ্ধে। ২০২২ সালের ২১ আগস্ট বিদ্যালয়ে ক্লাস চলাকালে ওই ছাত্রী শিক্ষকের কাছে জীববিজ্ঞানের বই চাইলে তাকে ২৩ আগস্ট বিকেলে বিদ্যালয়ে আসতে বলেন তিনি।
মামলার অভিযোগ অনুযায়ী, নির্ধারিত সময়ে ছাত্রী বিদ্যালয়ে গেলে গোলাম কবির তাকে বিদ্যালয়ের একটি কক্ষে নিয়ে যান। সেখানে দরজা বন্ধ করে তাকে কুপ্রস্তাব দেওয়ার পাশাপাশি ধর্ষণের চেষ্টা করা হয়। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন সেখানে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ গিয়ে শিক্ষক গোলাম কবিরকে আটক করে।
এ ঘটনায় ছাত্রীর পরিবারের পক্ষ থেকে শিবগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়।
বাদীপক্ষের আইনজীবী এম আব্দুস সালাম বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগ আদালতে প্রমাণিত হওয়ায় আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের সরকারি কৌঁসুলি রবিউল হক দোলন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী নাজমুল আজম।
আরটিভি/এমএইচজে


