
প্রতিদিনই বিভিন্ন কাজে বাহিরে বের হতে হয় আমাদের। গরমে অতিরিক্ত ঘাম থেকে শরীরে হয় দুর্গন্ধ, এ নিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই পড়তে হয় অস্বস্তিকর পরিস্থিতিতে। বিশেষ করে বগলের দুর্গন্ধের জন্য দায়ী হলো অতিরিক্ত ঘাম। এই ঘামের দুর্গন্ধ থেকে মুক্তি পেতে কমবেশি সবাই ব্যবহার করেন সুগন্ধি।
কিন্তু, বাজারের বড় বড় সব ব্যান্ডের সুগন্ধিতে থাকে বিভিন্ন রাসায়নিক উপাদান; যা আমাদের শরীরের জন্য ক্ষতিকর।
বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, দীর্ঘদিন রাসায়নিক উপাদান ত্বকের সংস্পর্শে এলে হতে পারে বিভিন্ন ধরনের চর্মরোগ। এমনকি ক্যানসারের মতো মরণব্যধিও হতে পারে এ থেকে। আর সস্তা সুগন্ধি ব্যবহারে তো এ ধরনের ঝুঁকি আরও বেশি! এক্ষেত্রে কার্যকর ও সহজ একটি সমাধান হতে পারে ফিটকিরি!
ফিটকারি বৈজ্ঞানিকভাবে পরিচিত পটাশিয়াম অ্যালাম নামে। এটি একটি প্রাকৃতিক খনিজ লবণ। আমাদের শরীরের গন্ধ মূলত ত্বকের ব্যাকটেরিয়ার কারণে তৈরি হয়। ঘাম থেকে হয় এই ব্যাকটেরিয়া। তবে, ফিটকিরিতে থাকা অ্যাস্ট্রিঞ্জেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ঘামের দুর্গন্ধ প্রাকৃতিকভাবে দূর করতে পারে।
ফিটকিরি পানিতে সহজেই মিশে যায় বলে একে বডি স্প্রে হিসেবে ব্যবহার করাও সহজ। ফিটকিরি দিয়ে বডি স্প্রে বানানোর জন্য এক কাপ পানিতে এক টুকরো ফিটকিরি ভিজিয়ে রাখুন। ফিটকিরি পানি সঙ্গে মিশে গেলে একটি স্প্রে বোতলে ঢেলে রেখে দিন। ফিটকিরির নিজস্ব কোনোও গন্ধ নেই বলে পছন্দমতো যে কোনো একটি এসেনশিয়াল অয়েলের কয়েক ফোঁটা মিশিয়ে নিতে পারেন। বডি স্প্রে হিসেবে ব্যবহার করতে পারেন এই পানি।
এছাড়া, ফিটকিরির গুঁড়া ব্যবহার করতে চাইলে এক টেবিল চামচ ফিটকিরি পাউডারের সঙ্গে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার তেল বা টি ট্রি অয়েল ব্যবহার করতে পারেন। এটি প্রতিদিন গোসলের পরে ব্যবহার করলে দূর হবে ঘামের দুর্গন্ধ।
আরটিভি/এসএইচএম




