বান্দরবানের পাহাড়ি জনপদ থেকে উঠে আসা মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী খাবার ‘মুন্ডি’ এখন রাজধানী ঢাকায়ও ভোজনরসিকদের মন জয় করছে। দেখতে অনেকটা নুডলসের মতো হলেও মুন্ডির প্রস্তুত প্রণালী, উপাদান আর ঝাল–ঝাল ভিন্ন স্বাদ একে দিয়েছে আলাদা পরিচিতি।
ঢাকার বিভিন্ন এলাকায় এখন গড়ে উঠছে একের পর এক মুন্ডির স্ট্রিট ফুড কার্ট। বিকেলের পর থেকেই এসব মুন্ডি ফুড কার্টে লাইন ধরে ক্রেতারা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তরুণ–তরুণী থেকে শুরু করে পুরো পরিবার—সবার কাছেই মুন্ডি হয়ে উঠছে ব্যতিক্রমী স্বাদের অন্যতম আকর্ষণ।
মুন্ডির ঐতিহ্য ও পরিবেশন ধরণ
বান্দরবান অঞ্চলে বহু বছর ধরে মুন্ডি জনপ্রিয় একটি খাবার। সাধারণত এটি পরিবেশন করা হয় মাছের তরকারি, চিংড়ি, চিকেন বা হালকা ঝোল–সুপের সঙ্গে। বাড়তি স্বাদের জন্য মুন্ডির সঙ্গে মেশানো হয় মরিচগুঁড়া, কাঁচা পেঁয়াজ, ধনেপাতা, লেবুর রস ও শুকনো মাছ। ফলে মুন্ডি হয়ে ওঠে ঝাল–ঝাল, সুগন্ধি ও একেবারেই ভিন্ন স্বাদের একটি বিশেষ খাবার।
মুন্ডির রেসিপি: কীভাবে তৈরি হয়?
মুন্ডি তৈরির প্রক্রিয়া কিছুটা দীর্ঘ হলেও স্বাদে এর প্রতিদান মেলে।
- প্রথম ধাপ: মুন্ডির বিশেষ স্টিকের জন্য প্রথমে চাল ভিজিয়ে মেখে আটা তৈরি করা হয়। এরপর ছোট গোলা বানিয়ে গরম পানিতে সিদ্ধ করতে হয়। সিদ্ধ হয়ে গেলে মণ্ডকে চাপ দিয়ে নুডলসের মতো চিকন আকারে বের করা হয়।
- দ্বিতীয় ধাপ: সেদ্ধ স্টিক ঠান্ডা করতে তা পানিতে ধুয়ে রাখা হয়।
- তৃতীয় ধাপ: এবার শুরু হয় মিশ্রণের কাজ। স্বাদ বাড়াতে এতে দেয়া হয় শুকনো মাছের গুড়া, মরিচের গুঁড়া, ডিম, ভাঁজা পেঁয়াজ, কালোজিরা, সেদ্ধ তেল, লবণ ও তেঁতুলের রস।
- শেষ ধাপ: গরম চিকেন স্টক ঢেলে সব উপাদান একসঙ্গে মিশিয়ে পরিবেশন করা হয় গরম–গরম মুন্ডি।
পরিবেশনের সময় মুন্ডির চারপাশে ছড়িয়ে পড়ে ঝাল–ঝাল আর টক–মিষ্টি গন্ধ। চামচে তুলে খাওয়ার মুহূর্তেই বোঝা যায় এটি সাধারণ কোনো খাবার নয়, বরং পাহাড়ি স্বাদের এক অনন্য ভোজ।
বান্দরবানের বাইরে এখন ঢাকায় মুন্ডির জনপ্রিয়তা দেখে রেস্তোরাঁ মালিকরা অবাক। বিদেশি নুডলসের ভিড়েও মুন্ডির জন্য বিশেষ জায়গা তৈরি হচ্ছে। ঢাকার মুন্ডি ফুড কার্টের মালিকদের মতে, প্রতিদিন নতুন নতুন ক্রেতারা আসছেন শুধু এ পাহাড়ি স্বাদের খাবার চেখে দেখতে।
মিয়ানমার ও চীন থেকে আসা নুডলস দীর্ঘদিন ধরে বাজারে জনপ্রিয় থাকলেও মুন্ডির স্বাদে এখন ঢাকাবাসী এক নতুন অভিজ্ঞতা পাচ্ছেন। ভোজনরসিকদের অনেকেই বলছেন, ‘নুডলস নয়, মুন্ডি এখন আমাদের নতুন পছন্দ।’
আরটিভি/এ/এসআর
