মাথাব্যথা, ক্লান্তি বা ভুলে যাওয়া, এগুলোকে আমরা প্রায়ই সাধারণ সমস্যা ভেবে এড়িয়ে যাই। কিন্তু সাম্প্রতিক এক গবেষণা বলছে, এমন কিছু সাধারণ মনে হওয়া লক্ষণই হতে পারে মস্তিষ্কের টিউমারের প্রাথমিক সংকেত। সময়মতো গুরুত্ব না দিলে চিকিৎসা জটিল হয়ে উঠতে পারে।
ওল্ফসন ইনস্টিটিউট অব পপুলেশন হেলথ-এর গবেষক লরা স্ট্যান্ডেন জানান, অনেকেই এসব উপসর্গকে দৈনন্দিন ক্লান্তি বা মানসিক চাপ ভেবে ভুল করেন। প্রাথমিক লক্ষণগুলোকে রোগী এবং সাধারণ চিকিৎসকরা অনেক সময় গুরুত্ব দেন না। ফলে রোগ নির্ণয়ে দেরি হয় এবং ঝুঁকি বাড়ে।
যেসব লক্ষণে সতর্ক থাকতে হবে
কথা বলতে জড়তা:
কথা বলার সময় সঠিক শব্দ খুঁজে না পাওয়া বা বাক্য গঠনে সমস্যা হওয়া।
মানসিক কুয়াশা:
সহজ বিষয় ভুলে যাওয়া, মনোযোগ দিতে অসুবিধা হওয়া বা বিভ্রান্ত অনুভব করা।
শরীরে অস্বাভাবিক অনুভূতি:
মুখ, জিহ্বা বা শরীরের কোনো অংশে ঝিঁঝিঁ ধরা বা অবশভাব।
দৃষ্টিশক্তির পরিবর্তন:
ঝাপসা দেখা বা একটি জিনিসকে দুইটি দেখা।
হাতের লেখায় পরিবর্তন:
লেখা হঠাৎ অস্পষ্ট বা এলোমেলো হয়ে যাওয়া।
আচরণ ও মেজাজের পরিবর্তন:
অকারণে খিটখিটে ভাব, আগ্রহ হারানো বা আচরণে হঠাৎ পরিবর্তন।
দীর্ঘস্থায়ী মাথাব্যথা:
সাধারণ ব্যথা না কমে দীর্ঘদিন চলতে থাকা এবং ধীরে ধীরে তীব্র হওয়া।
বিশেষজ্ঞদের সতর্কবার্তা
গবেষকদের মতে, এই লক্ষণগুলো মানেই কারো মস্তিষ্কের টিউমার হয়েছে, তা নয়। তবে যদি এসব সমস্যা কয়েক সপ্তাহ ধরে চলতে থাকে এবং স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক মনে হয়। তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
সময়মতো রোগ শনাক্ত করা গেলে চিকিৎসার সফলতা অনেক বেশি থাকে। তাই শরীরের ছোট ছোট সংকেতও অবহেলা করা ঠিক নয়।
আরটিভি/জেএমএ




