
ক্যাসিনো বিরোধী বিশেষ অভিযানের সূত্র ধরে গ্রেপ্তার হওয়া বিতর্কিত ঠিকাদার জি কে শামীমসহ ৮ জনের বিরুদ্ধে হওয়া মানি লন্ডারিং মামলা বিচারের জন্য বদলি হয়েছে।
আজ সোমবার (৫ অক্টোবর) ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ অভিযোগপত্র গ্রহণ করে মামলাটি বিশেষ জজ-১০ এ বদলির আদেশ দেন। একইসঙ্গে বদলি আদালতে মামলার অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। আজ দুপুরে হুইলচেয়ারে করে জি কে শামীমকে আদালতে হাজির করে পুলিশ।
মামলার আসামিরা হলেন- শহিদুল ইসলাম, জামাল হোসেন, দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন, সামসাদ হোসেন, আমিনুল ইসলাম এবং মো. জাহিদুল ইসলাম। আসামিরা সবাই গ্রেপ্তার হয়ে কারাগারে আছে। ২০১৯ সালের ২১ সেপ্টেম্বর র্যাব-১ এর নায়েব সুবেদার মিজানুর রহমান বাদী হয়ে গুলশান থানায় মানি লন্ডারিং আইনে মামলাটি দায়ের করেন।
মামলায় আসামিদের বিরুদ্ধে ১ কোটি ৮১ লাখ টাকা ও ১৬৫ কোটি ২৭ লাখ টাকা এফডিআরের মাধ্যমে মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়।
এর আগে গত ৪ আগস্ট সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ জি কে শামীমসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। সেখানে মামলার সাক্ষী হিসেবে ২৬ জনের নাম উল্লেখ করা হয়েছে।
কেএফ/এসএস




