
রাজধানীর মোহাম্মদপুর থেকে আহত অবস্থায় এক অজ্ঞাত (৩০) যুবককে উদ্ধার করে হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। গতকাল শনিবার (৩১ অক্টোবর) দিনগত রাত সাড়ে ৩ টার দিকে পুলিশ ওই যুবককে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের নিয়ে যায়। সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে আজ রোববার (১ নভেম্বর) সকাল ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম জানান, খবর পেয়ে রাতে মোহাম্মদপুরের কাজী নজরুল ইসলাম রোডের দুটি ভবনের মাঝখান থেকে রক্তাক্ত আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করা হয়। এরপর তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার বয়স আনুমানিক ৩০ বছর। তার পরনে জিন্সপ্যান্ট ছিলো।
এই পুলিশ কর্মকর্তা আরো জানান, ওই যুবকের মৃত্যু কিভাবে হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে, কিভাবে সে আহত হলো সেই বিষয়ে পুরো ঘটনাটি জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
কেএফ




