
হাসপাতাল কর্মচারীদের মারধরে পুলিশের সিনিয়র এএসপি আনিসুল করিম শিপন হত্যার ঘটনায় দায়ের করা মামলায় রাজধানীর আদাবরের ‘মাইন্ড এইড’ হাসপাতালের পরিচালক ফাতেমা খাতুনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার (২৩ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মনির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আসামি ফাতেমার পক্ষে আইনজীবী জামিন আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করেন। এর আগে গতকাল রোববার (২২ নভেম্বর ) একই অভিযোগে মানসিক স্বাস্থ্যের রেজিস্ট্রার ডা. আব্দুল্লাহ আল মামুনের জামিন দেন আদালত। গত ২০ নভেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ফাতেমাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন। গত ১৫ নভেম্বর ফাতেমা খাতুনের ৪ দিন এবং গত ১৭ নভেম্বর ডা. আব্দুল্লাহ আল মামুনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।
হত্যার শিকার আনিসুল করিম শিপনের বাবা ফয়েজ উদ্দিন বাদী হয়ে গত ১০ নভেম্বর সকালে রাজধানীর আদাবর থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, মাইন্ড এইড হাসপাতালে এএসপি আনিসুল করিম নিহতের ঘটনাটি একটি হত্যাকাণ্ড। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা করেন। এই হাসপাতালের স্বাস্থ্য অধিদপ্তরের কোনও অনুমোদন নেই, মাদক দ্রব্য নিয়ন্ত্রণের কোনও অনুমোদন নেই, চিকিৎসক নেই।
উল্লেখ্য, গত ৯ নভেম্বর বেলা ১১টায় আদাবরের মাইন্ড এইড হাসপাতালে চিকিৎসা করাতে গেলে হাসপাতালটির কর্মচারীদের মারধরের পর নিহত হন আনিসুল করিম শিপন। তিনি ৩১তম বিসিএস পুলিশে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন বলে জানা গেছে।
কেএফ




