
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নকল মাস্ক ‘এন-৯৫’ সরবরাহের ঘটনায় অপরাজিতা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী শারমিন জাহানের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছানো হয়েছে। প্রতিবেদন দাখিলের জন্য ২৫ জানুয়ারি নতুন দিন ধার্য করেছেন আদালত।
আজ রোববার (১৩ ডিসেম্বর) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু এ দিন তদন্ত কর্মকর্তা (আইও) প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুবকর সিদ্দিক প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ তারিখ নির্ধারণ করেন।
গত ২৪ জুলাই রাত সাড়ে ১০টায় শাহবাগ এলাকা থেকে শারমিন জাহানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর ২৫ জুলাই আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ২৩ জুলাই রাতে নকল মাস্ক সরবরাহের অভিযোগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর প্রক্টর অধ্যাপক ডা. মোজাফফর আহমেদ বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন। এ মামলায় ‘এন-৯৫ মাস্ক’ সরবরাহকারী প্রতিষ্ঠান অপরাজিতা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী শারমিন জাহানকে আসামি করা হয়।
কেএফ




