
বাংলাদেশে ফেসবুক ডট কম ডট বিডি নামে ডোমেইনটি ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এছাড়া এ বিষয়ে একটি শোকজ নোটিশও দেয়া হয়েছে ডোমেইনটি রেজিস্ট্রি করা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। আগামী ১৫ দিনের মধ্যে এই নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
ফেসবুকের করা মামলার আজ প্রথম দিনের শুনানি শেষে এই নির্দেশনা দিয়ে অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছে ঢাকা জেলা জজ আদালত।
ফেসবুকের পক্ষে মামলা দায়ের কারী আইনজীবী ব্যারিস্টার মোকছেদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
মোকছেদুল ইসলাম বলেন, বাংলাদেশে ফেসবুক ডট কম ডট বিডি নামে ডোমেইনটি স্থায়ীভাবে বন্ধ চেয়ে গত ১ ডিসেম্বর ফেসবুক মামলা করে। এই মামলায় ৫০ হাজার ডলার ক্ষতিপূরণও দাবি করা হয়।
আজ প্রথম শুনানির দিন থাকায় বিরোধী পক্ষের কেউ উপস্থিত ছিলেন না বলে জানানো হয়। সূত্র: বিবিসি বাংলা।
এসএস




