
রাজধানীর শাহবাগ ও ক্যান্টনমেন্ট পৃথক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় ২ নারী নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে সংশ্লিষ্ট এলাকার থানা পুলিশের সঙ্গে কথা হলে এ তথ্য জানা যায়।
পুলিশ জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দিনগত রাতে হাইকোর্টের প্রধান ফটকের সামনে ও জিল্লুর রহমান ফ্লাইওভারের ঢালে পৃথকভাবে এই দুটি দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে শাহবাগ থানার উপ-পরিদশর্ক (এসআই) মো. মনসুর আহমেদ জানান, গতকাল দিনগত রাতে হাইকোর্টের প্রধান ফটকের সামনে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। খবর পেয়ে সেখান থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। ওই নারীর পরনে কালো বোরকা ও লাল ওড়না ছিলো।
অন্যদিকে ক্যান্টনমেন্ট থানা থেকে জানা যায়, গতকাল রাতে জিল্লুর রহমান ফ্লাইওভার ব্রিজের ঢালে কোনো এক যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। স্থানীয়দের মাধ্যমে জানা যায়, ওই নারী ভবঘুরে ছিলেন।
কেএফ




