
বুড়িগঙ্গা নদীতে মর্মান্তিক লঞ্চডুবির ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ২৭ জানুয়ারি ধার্য করেছেন আদালত।
আজ রোববার (২০ ডিসেম্বর) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহিদুল আলম প্রতিবেদন দাখিল করতে পারেননি। এমন পরিস্থিতিতে ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মনিকা খান প্রতিবেদন দাখিলের এ তারিখ ধার্য করেন।
উল্লেখ্য, গত ২৯ জুন মুন্সীগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে মর্নিং বার্ড নামের একটি লঞ্চ সদরঘাটে পৌঁছানোর আগে চাঁদপুরগামী ময়ূর-২ লঞ্চের ধাক্কায় ডুবে যায়। দুর্ঘটনায় মর্নিং বার্ডের ৩৪ যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার পরের দিন ৩০ জুন রাতে নৌ-পুলিশের সদরঘাট থানার এসআই মোহাম্মদ শামসুল বাদী হয়ে অবহেলাজনিত হত্যার অভিযোগ এনে ময়ূর-২ লঞ্চের মালিকসহ ৭ জনের বিরুদ্ধে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেন।
কেএফ




