
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, লেজিসলেটিভ ক্যাডার সার্ভিস গঠন করা হচ্ছে। আজ বুধবার (২৩ ডিসেম্বর) লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি।
বনানীর বাসা থেকে ভার্চুয়ালি আয়োজিত এ অনুষ্ঠানে যুক্ত হন মন্ত্রী।
অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, যারা লেজিসলেটিভ ডিভিশনে কাজ করেন তাদের একটা ক্যাডার সার্ভিস তৈরি করার প্রয়োজন। এ সংক্রান্ত একটি প্রস্তাবনা প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। এটি এখন অনুমোদনের অপেক্ষায়। আপনারা যাতে বঞ্চিত না হন, সে ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, সরকার বিষয়ভিত্তিক নতুন নতুন আইন প্রণয়ন এবং বিদ্যমান আইন যুগোপযোগী করার ক্ষেত্রে অগ্রাধিকার দিয়েছে। এক্ষেত্রে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ১৯৯৬ সালে প্রথমবার সরকার গঠনের পর লেজিসলেটিভ ড্রাফটিং উইং প্রতিষ্ঠা করেন। ২০০৯ সালে পুনরায় সরকার গঠন করলে ওই বছরের ২৩ ডিসেম্বর এই উইংকে তিনি লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগে উন্নীত করেন। আইনি পরিকাঠামো বিনির্মাণে এ বিভাগ সরকারকে সার্বিক সহায়তা প্রদান করছে।
অনুষ্ঠানের শুরুতেই আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদান এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ প্রতিষ্ঠার প্রেক্ষাপট ও কার্যক্রম নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব মো. মইনুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারসহ মন্ত্রণালয়ের বিভিন্নস্তরের কর্মকর্তারা।
এসএস




