
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী জানিয়েছেন, প্রয়োজনে যুক্তরাজ্যের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করা হবে।
আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত সিকিউরিটি এক্সারসাইজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মো. মাহবুব আলী বলেন, যুক্তরাজ্যের করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আমরা এ বিষয়ে সবাই যথেষ্ট সচেতন। বিষয়টি সম্পর্কে আমরা সজাগ আছি। প্রয়োজনে যুক্তরাজ্যের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করা হবে।
এদিকে লন্ডন ফেরত যাত্রীদের কোয়ারেন্টিন বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সবার জন্য পিসিআর টেস্ট রিপোর্ট বাধ্যতামূলক, সঙ্গে সাত দিনের কোয়ারেন্টিন। লন্ডন যাত্রীদের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি), হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও পর্যটন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসএস




